ইসলামী মৌলবাদ মোকাবিলায় ব্লেয়ারের নতুন পদক্ষেপ ঘোষণা
মুসলিম নেতৃবৃন্দ এবং মানবাধিকার কর্মীদের উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লে¬য়ার বলেন, ধর্মীয় উগ্রপন্থা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় বিদেশী নাগরিকদের বহিস্কার এবং প্রয়োজনে মানবাধিকার আইন সংশোধন করা হবে। লন্ডনে সাম্প্র্রতিক হামলার ঘটনার প্রেক্ষিতে দুটি ইসলামী গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা এবং যারা সহিংসতাকে মদদ ও সন্ত্রাসকে বাহবা দেয় সেসব বিদেশীদের বহিষ্কারের জন্য শুক্রবার নতুন আইন আনার পরিকল্পনার কথা তিনি জানান।
লন্ডনে এক সংবাদ সম্মেলনে ব্লেয়ার বলেন, ব্রিটেন থেকে শিগগিরই একটি দলকে বহিষ্কার করা হবে। এর জন্য প্রক্রিয়া চূড়ান্ত হচ্ছে। কারো মনে কোন সন্দেহ থাকা উচিত নয়। সবাইকে বুঝতে হবে যে, খেলার নিয়ম--কানুনে পরিবর্তন এসেছে।
ব্লেয়ারের পরিকল্পনায়, সন্ত্রাসবাদের সাথে জড়িতদের রাজনৈতিক আশ্রয় প্রত্যাখ্যান, মসজিদ বন্ধ করে দেয়ার ক্ষমতা, ইসলামী সংগঠন নিষিদ্ধ ঘোষণা, নির্দিষ্ট বই--দোকান ও ওয়েব সাইট যারা ব্যবহার করে ও সন্ত্রাসবাদের সহযোগী ও সমর্থনদাতাদের চিহ্নিত করে ব্রিটেন থেকে বহিষ্কার করার কথা রয়েছে।
তবে ব্লেয়ারের শুক্রবার ঘোষিত পরিকল্পনা রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলোর সাথে সংঘর্ষ অনিবার্য করে তুলবে। কেননা, লন্ডনের জুলাই মাসের পাতাল রেল ও বাসে দুই দফার বোমা হামলার পর পুলিশ ও সরকার যে পদক্ষেপ নিয়েছে, মানবাধিকার সংগঠনগুলো তার ব্যাপক সমালোচনা করেছে।
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান চার্লস কেনেডি বলেছেন, বোমা হামলার পর থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য বিরাজ করছিল, ব্লেয়ারের ঘোষণা তাকে বিপদগ্রস্ত করবে। তার ভাষায়, এর ফলে ব্লেয়ার তাদের সমর্থন হারাবেন এবং সমাজে উত্তেজনা বৃদ্ধি পাবে।
