২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার দাবিতে অনড় আফ্রিকান ইউনিয়ন

অব্যাহত কূটনৈতিক চাপ সত্ত্বেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাসহ দুটি স্থায়ী সদস্যপদ পেতে আফ্রিকান ইউনিয়ন (এইউ) আগের সিদ্ধান্তেই অনড় রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের বিশেষ শীর্ষ বৈঠকে সদস্য দেশগুলো তাদের ভেটো অনুরোধ ফিরিয়ে নেয়ার আহবান প্রত্যাখ্যান করেছে।

এইউ’র প্রধান মুখপাত্র ডেসমন্ড অরজিয়াকো সাংবাদিকদের বলেন, লিবিয়ায় এইউ শীর্ষ সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যপদ চাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছিল, আফ্রিকার রাষ্ট্রসমূহের প্রধানরা সে সিদ্ধান্তই বলবৎ রেখেছেন।

৫৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ৪৬ রাষ্ট্র ভেটো ক্ষমতাসহ আফ্রিকার জন্য দুটি স্থায়ী সদস্যপদ, নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ থেকে ২৬টিতে উন্নীতকরণ ও নতুন ছয়টি স্থায়ী সদস্য পদ দেয়ার দাবির পক্ষে ভোট দিয়েছেন।

নিজেদের দাবি ও অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরো পরিষ্কার করতে এবং এ বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর জন্য দশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে ডেসমন্ড জানান।

আফ্রিকান ইউনিয়নের নতুন এ ঘোষণা জি-৪ নামে পরিচিত ব্রাজিল, জার্মানি, ভারত ও জাপানের কূটনৈতিক প্রচেষ্ঠায় বড় ধরনের আঘাত হিসেবে দেখা দেবে। কেননা, এইউ তাদের পূর্বের অবস্থান থেকে ফিরে আসুক, জি-৪ নিজেদের সুবিধার্থেই তা চায়।

ব্রাজিল, জার্মানি, ভারত ও জাপান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন পেতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।