২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে হংকংয়ের রিপোর্টার গ্রেফতার

তাইওয়ানের পক্ষে চীনে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে বেইজিং আনুষ্ঠানিকভাবে হংকংয়ের রিপোর্টার চিং চেংয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে চিংয়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

সিঙ্গাপুরের ‘স্ট্রেইটস টাইমসের’ চীনের প্রধান সংবাদদাতা চিং গুপ্তচরবৃত্তির অভিযোগে দক্ষিণ চীনের গুয়াংঝু প্রদেশের একটি কারাগারে ২২ এপ্রিল থেকে আটক রয়েছেন।

চিংয়ের বিরুদ্ধে চীনের অভিযোগ, চিং ২০০০ সাল থেকে মার্চ ২০০৫ পর্যন্ত চীনের বিভিন্ন স্থান থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তাইওয়ানের গোয়েন্দা সংস্থার কাছে পাচার করেছে।

বেইজিং বলেছে, চিং বেনামে চীনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বিষয়ক প্রচুর তথ্য সংগ্রহ করেছেন। তাদের মধ্যে নির্বাচিত কিছু তথ্য তাইওয়ানের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সরবরাহ করেছেন। তাইওয়ানের পক্ষে গুপ্তচরবৃত্তি চালানোর জন্য চিংকে কয়েক মিলিয়ন হংকং ডলার দেয়া হয়েছে বলে বেইজিং জানিয়েছে।

তাইওয়ানের হয়ে গুপ্তচরবৃত্তির কথা চিং স্বীকার করেছে বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে। তবে চিংয়ের স্ত্রী মেরি লাউ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি প্রত্যাখ্যান করেছেন। মেরি বলেন, চীনের কিংবদন্তি নেতা ঝাও জিয়াং সম্পর্কে গোপন তথ্য উদ্ধারের জন্য চিং চীন সফরে গিয়েছিলেন।

ঝাও জানুয়ারিতে মারা যান। ১৯৮৯ সালে চীনের তিয়েন আনমেন স্কয়ারে গণতন্ত্রকামীদের সমাবেশে সেনাবাহিনীর হামলার নিন্দা করায় ঝাওকে বরখাস্ত হতে হয়েছিল।

চিংয়ের বিরুদ্ধে আনীত গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হলে, তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হতে পারে।

আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফজে) মে মাসে চিংয়ের আটকের ঘটনায় শঙ্কা প্রকাশ করে। ফেডারেশনের প্রধান ক্রিস্টোফার ওয়ারেন অভিযোগ করে বলেছেন, চীন কৌশলে মিডিয়ার বিরুদ্ধে নির্যাতন চালাচ্ছে।