২১ জুলাইয়ের লন্ডন বোমা হামলার সাথে জড়িত ২ মহিলা গ্রেপ্তার
লন্ডনের পাতাল রেল স্টেশন ও বাসে ২১ জুলাইয়ের ব্যর্থ বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে দুই মহিলাকে সন্ত্রাসবাদ অ্যাক্টের ৩৮ নম্বর ধারার আওতায় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বোমা হামলা সম্পর্কিত তথ্য জানার পরও তারা পুলিশের কাছে প্রকাশ করেনি।
লন্ডনের স্টকওয়েল অধিবাসী ইয়েশশিমবেট গিরমা (২৮) ও মুলুইমবেট গিরমাকে (২১) শুক্রবার বো স্ট্রিটের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
এর আগে ইসমাইল আব্দুর রাহমানকে (২৩) বৃহস্পতিবার হামলার সাথে জড়িত থাকার অভিযোগে বো স্ট্রিটের আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, সন্দেহভাজন এক বোমা হামলাকারী সম্পর্কে পুলিশকে তথ্য জানাতে সে ব্যর্থ হয়েছে।
শেফার্ডস বুশ স্টেশনে বোমা হামলার অভিযোগও আনা হয়েছে ইসমাইলের বিরুদ্ধে।
এ পর্যন্ত ২১ জুলাইয়ের বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
