কানাডার মুসলিম নেতাদের সন্ত্রাস বিরোধী শপথ
লন্ডনে বোমা হামলার পরিপ্রেক্ষিতে কানাডার প্রধানমন্ত্রী পল মার্টিন সন্ত্রাস বিরোধী যুদ্ধে মুসলিম ধর্মাবলম্বীদের অংশ নেওয়ার জন্য মুসলিম নেতাদের সাথে আলোচনা মিলিত হয়েছিলেন। কানাডার ১৯ জন মুসলিম নেতা এক যৌথ বিবৃতিতে লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন এবং উগ্র মৌলবাদকে দমনের জন্য দৃঢ় সঙ্কল্প ব্যক্ত করেছেন।
মুসলিম নেতাদের বিবৃতিতে বলা হয়, “ সুবিচারের মূল্যবোধ, আইনের শাসন, সমানাধিকার, স্বচ্ছতা এবং দায়বদ্ধতার প্রতি আমাদের দেশ কখনও আপোস করেনি। এর সুরক্ষার জন্য আমাদের যে কোন ধরণের হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কানাডার জাতীয় নিরাপত্তা আইন ও নীতি এবং বর্তমান বিশ্ব যেসব হুমকির সম্মুখীন তার প্রতি আমাদের দেশের ভূমিকার সাথে আমরা পূর্ণ একাত্মতা ঘোষণা করছি।”
প্রধানমন্ত্রী মার্টিন প্রায় দেড় ঘন্টা বৈঠকের পর সাংবাদিকদের বলেন, “সরকার তাদের বিবৃতিকে বেশ গুরুত্ব দিচ্ছে। আমরা তাদের বিবৃতির সত্যতাকে স্বীকৃতি দেই।”
মুসলিম নেতারা মনে করেন এ বিবৃতির মাধ্যমে গঠনমূলক সমাজ গঠনে সম্মিলিত প্রয়াস, মুসলিম সমাজের সমান অংশীদারিত্ব এবং কানাডার নিরাপত্তা রক্ষার অঙ্গীকার সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
