২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসাইল পরীক্ষা সংক্রান্ত চুক্তি করবে পাক-ভারত

পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত জরুরি যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নততর মিসাইল পরীক্ষা ও পরস্পরে মধ্যে আস্থা বৃদ্ধির লক্ষ্যে ভারত ও পাকিস্তান শীঘ্রই একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। চুক্তির পথ প্রশস্ত করার জন্য যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে শুক্রবার থেকে দুই দেশের প্রতিনিধিদল ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনের এক বৈঠকে মিলিত হতে যাচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 12:15 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

মিসাইল পরীক্ষা সংক্রান্ত সমঝোতা চুক্তির খসড়া প্রায় চূড়ান্ত। পারমাণবিক অস্ত্র নিয়ে ২০০৪ সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিপাক্ষিক বৈঠকের সময়ই তা চূড়ান্ত করা হয়। পাকিস্তানের প্রস্তাবিত খসড়া প্রস্তাব আরও পর্যালোচনা করতে ভারত এতদিন দেরী করেছে।

শুক্রবারের বৈঠকে পাকিস্তান ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি হটলাইন প্রতিষ্ঠা, পাক-ভারত সামরিক মহাপরিচালকদের মধ্যে বিদ্যমান হটলাইনের কার্যকারিতা ত্বরান্বিত করা এবং নিজেদের মধ্যে পারমাণবিক মতামত বিনিময়ের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এছাড়া পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা এবং দুর্ঘটনাজনিত ও সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি হ্রাস করা নিয়েও আলোচনা হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জাতিসংঘ) মীরা শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তারিক ওসমান নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দিবেন।

এর আগে একে অপরের পারমাণবিক স্থাপনাতে হামলা না করার জন্য পাক-ভারত একটি অনাক্রমণ সমঝোতায় পৌঁছেছে। এ কারণেই প্রতি বছরের জানয়ারির ১ তারিখে দুই দেশের মধ্যে পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় হয়। ১৯৯৯ সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটর বিহারী বাজপেয়ির পাকিস্তান সফরের সময় দেশ দু’টির মধ্যে পারমাণবিক বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

তবে শুক্রবারের বৈঠকে বাস্তব সম্মত ও কার্যকর উদ্যোগ প্রতিষ্ঠাই প্রাধান্য পাবে বলে ভারতীয় কূটনীতিক জি পার্থসারথি জানিয়েছেন।