মৌরিতানিয়ায় সামরিক অভ্যুত্থান, বিশ্ব নেতৃবৃন্দের নিন্দা
মৌরিতানিয়ার সামরিক কর্মকর্তারা বুধবার রক্তপাতহীন একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেছে। পাশাপাশি দেশ পরিচালনার জন্য একটি সামরিক কাউন্সিল গঠন করা হয়েছে। এদিকে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ মহাসচিবসহ বিশ্ব নেতৃবৃন্দ।
জাতিসংঘ মহাসচিবসহ বিশ্ব নেতৃবৃন্দ সামরিক কর্মকর্তাদের অভ্যুত্থানের প্রতিবাদ জানালেও মৌরিতানিয়ার চিত্রটা একটু অন্যরকম। রাজপথে স্বৈরশাসকের পতনের কারণেই অনেককেই উল্লাস করতে দেখা গেছে। সামরিক অভ্যুত্থানের ঘোষণার পরপরই রাজধানীর রাস্তাগুলোতে গাড়ির হর্ন বাজিয়ে লোকজন আনন্দ করতে থাকে।
বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশী সময় সকাল ১১টা) সামরিক বাহিনীর সদস্যরা রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়া ভবনে প্রবেশ করে সকল সম্প্রচার বাতিল করে দেয়। প্রেসিডেন্ট ভবন সেনা সদস্যরা ঘেরাও করে রাখে। রাজধানীর সকল গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়।
মিলিটারি কাউন্সিল ফর জাস্টিস অ্যান্ড ডেমোক্র্যাসি নামে গঠিত সামরিক কাউন্সিল রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়ায় প্রচারিত এক বিবৃতিতে বলেছে, একনায়কতন্ত্রের অপশাসন থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষার জন্যই জাতীয় সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা বাহিনী সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে।
মাত্র দু’বছরের জন্য কাউন্সিল দেশ পরিচালনা করবে বলে জানিয়েছে। এর মধ্যে কাউন্সিল একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মাওইউয়া ওল্ড সিদ আহমেদ তায়া বর্তমানে প্রতিবেশী নাইজারের রাজধানী নিয়ামিতে অবস্থান করছেন। সৌদি বাদশাহ ফাহাদের শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি রিয়াদে গিয়েছিলেন।
জাতিসংঘ ও আফ্রিকা ইউনিয়ন সামরিক অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছে।
জাতিসংঘ মহাসচিব কফি আনান মৌরিতানিয়ায় সামরিক অভ্যুত্থানের ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন। আনানের এক মুখপাত্র বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সকল রাজনৈতিক মত পার্থক্য দূর করার উপর কফি আনান জোর দেন।
আফ্রিকা ইউনিয়ন এক বিবৃতিতে জানায়, শক্তি ব্যবহার করে ক্ষমতা দখলের যে কোন প্রচেষ্টাকে তারা নিন্দা জানায়।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসানজো বলেন, আফ্রিকায় অথবা পৃথিবীর অন্য কোথাও সামরিক শাসন সহ্য করার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে।
