২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌরিতানিয়ায় সামরিক অভ্যুত্থান

মৌরিতানিয়ায় সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়েছে। বুধবার সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি গ্র“প সেদেশের প্রেসিডেন্টের উৎখাত এবং একটি সামরিক কাউন্সিল গঠনের ঘোষণা দেয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

এর কয়েক ঘন্টা আগে সেনা সদস্যরা রাজধানী নোয়াকচোটে অবস্থিত রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও স্টেশনের নিয়ন্ত্রণ গ্রহণ করে।

রাজধানীর সড়কগুলোতে সেনা সমাবেশ ঘটানো হয় এবং সেনাবাহিনী প্রধান সড়কটি অবরোধ করে রাখে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

তেল সমৃদ্ধ মৌরিতানিয়ার রাষ্ট্রপতি মাওয়িয়া সিদ আহমেদ তায়া বাদশাহ ফাহদের জানাজায় যোগদানের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানকালীন এ অভ্যুত্থান ঘটে।

অভ্যুত্থানকারীরা নিজেদেরকে ‘ন্যায় বিচার ও গণতন্ত্রের লক্ষ্যে সামরিক কাইন্সিল’ এর সদস্য বলে ঘোষণা দেয়।

এর আগে ২০০৩ সালের জুনেও বিদ্রোহী সেনারা তায়ার অপসারণ ঘটিয়েছিল। পরে আবার রাষ্ট্রপতির অনুগত বাহিনী পুনরায় ক্ষমতা দখলে সক্ষম হয়। সরকারের তরফ থেকে জানা যায়, বিদ্রোহীদের আরও দুইটি পদক্ষেপ ২০০৪ সালে ব্যর্থ করে দেওয়া হয়।

অভ্যুত্থানের আগে প্রত্যক্ষদর্শী এক সাধারণ নাগরিক জানায়, সেনাবাহিনী রাস্তায় অবস্থান নিয়েছে। সেনারা রাষ্ট্রপতির বাসভবনের সব রাস্তা ও শহরের প্রধান সড়কগুলো অবরোধ করে রেখেছে।