ইরানের ডানপন্থি আহমেদিনেজাদ যুগ শুরু
ইরানের ডানপন্থি তেহরান মেয়র মাহমুদ আহমেদিনেজাদ বুধবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারবাদী প্রার্থী আকবর হাশেমি রাফসানজানিকে পরাজিত করে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরানের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।
কর্মকর্তারা বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ্ আলী খামেনি আহমেদিনেজাদের (৪৯) শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। স্থানীয় সময় বুধবার সকাল ৯টায় (বাংলাদেশী সময় সকাল সাড়ে ১০টায়) শপথ অনুষ্ঠান শুরু হবে। আহমেদিনেজাদ সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির স্থলাভিষিক্ত হবেন।
শনিবার আহমেদিনেজাদ পার্লামেন্টে শপথ নেবেন।
বুধবার প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেক হলেও নির্বাচনের আগে আন্তর্জাতিক অঙ্গনে আহমেদিনেজাদকে খুব কম লোকেই চিনত। নির্বাচনে তাকে শক্ত একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা গিয়েছিল। কিন্তু সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানিকে ২৪ জুনের দ্বিতীয় দফার নির্বাচনে এক কোটি ভোটের ব্যবধানে হারিয়ে চমক লাগিয়ে দেন। প্রথম দফার ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এগিয়ে ছিলেন তিনি।
ইরানের রাজধানী তেহরানের মেয়র নির্বাচিত হওয়ার আগে তিনি ইরাক--ইরান যুদ্ধে রেভ্যুলুশনারী গার্ডের সদস্য ছিলেন।
খুব দ্রুত প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হলেও একটি অস্থিতিশীলতার মধ্যে দিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএচডি ডিগ্রিধারী আহমেদিনেজাদকে ক্ষমতা গ্রহণ করতে হবে। এমনিতেই তার বিরুদ্ধে তেহরানের মার্কিন দূতাবাসে মার্কিন নাগরিকদের জিম্মির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে, উপরন্তু তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিতর্ক ও উত্তেজনা আহমাদিনেজাদের অভিষেক মধুর হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
