গর্ভবতী মহিলাদের ধূমপানে শিশুদের এডিএইচডি ঝুঁকি বাড়ে
গর্ভবতী মহিলারা ধূমপান করলে তাদের শিশুদের এটেনশন ডেফিসিট/হাইপারেটিভিটি ডিসঅর্ডারের (এডিএইচডি) ঝুঁকি বাড়ে। নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে।
ডেনমার্কের আরথাস বিশ্ববিদ্যালয় হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও প্রধান গবেষক ডা. ক্যারেন মারকুসেন লিনেট বলেন, গবেষণায় গর্ভবতী মহিলাদের ধূমপানের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। যে সমস্ত মহিলা গর্ভবতী থাকাকালে ধূমপান করছেন তাদের উচিত ধূমপান ত্যাগ করা। তিনি বলেন, যদিও আমরা এখনও এ বিষয়ে একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারিনি তবে গবেষণায় দেখেছি গর্ভবতী মহিলাদের ধূমপান তাদের শিশুদের এডিএইচডির ঝুঁকি বাড়ায়।
আগস্টে প্রকাশিত শিশুরোগ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, লিনেট ও তার সহকর্মীরা ডেনমার্কে ১৯৯১--৯৪ সাল পর্যন্ত জন্ম নেওয়া চার হাজার শিশুর ওপর তারা গবেষণা চালান। তারা দেখতে পান যে সমস্ত মায়েরা গর্ভাবস্থায় ধূমপান করেন তাদের শিশুদের এডিএইচডি ঝুঁকি রয়েছে। অপরদিকে তারা একই গবেষণায় ইউরোপের তিন হাজার সাতশ ৬৫ জন অধূমপায়ী মহিলাদের শিশুদের ওপর গবেষণা চালান। এক্ষেত্রে তারা দেখতে পান অধূমপায়ী মহিলার বাচ্চাদের এডিএইচডি ঝুঁকি নেই।
