২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাদশাহ ফাহাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রিয়াদে সমবেত হচ্ছেন বিশ্ব নেতৃবৃন্দ

সৌদি বাদশাহ ফাহাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সোমবার থেকেই বিশ্ব নেতৃবৃন্দ রাজধানী রিয়াদে পৌঁছাতে শুরু করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 09:17 AM

Updated : 26 Apr 2022, 05:57 PM

সোমবার ভোরে রিয়াদের কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

আরব নেতাদের মধ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইতিমধ্যে রিয়াদে পৌঁছে গেছেন। সোমবারই তিনি রিয়াদে এসে পৌঁছান। বাংলাদেশের প্রেসিডেন্ট ড. ইয়াজউদ্দিন আহমদ সোমবার রাতে ১০ সদস্যের এক প্রতিনিধি দল নিয়ে রিয়াদে পৌঁছেছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক ও ব্রিটেনের প্রিন্স চার্লস শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে যথাসময়েই রিয়াদে উপস্থিত হবেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে জর্ডানের বাদশাহ, মিশর, লেবানন, ইয়েমেন, ইরাক ও আলজেরিয়ার প্রেসিডেন্টরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

তবে বাদশাহ ফাহাদকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা করা হবে না বলে শীর্ষ এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন। তার ভাষায়, সৌদি আরবের ইসলামী নীতির সাথে তা মানানসই হবে না বিধায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাঁকে আল--কুদ সমাধিক্ষেত্রে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে তিনি জানান।

পাকিস্তান, জর্ডানসহ বিভিন্ন আরব ও মুসলিম দেশ বাদশাহ ফাহাদের মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা করেছে। জর্ডান ৪০ দিনের ও পাকিস্তান সাত দিনের জাতীয় শোক ঘোষণা করে।

এদিকে মিশরের শারম--আল--শেখে আরব লীগের যে বিশেষ সম্মেলন হওয়ার কথা ছিল, এক বিবৃতিতে তা স্থগিত ঘোষণা করা হয়েছে।

নতুন বাদশাহ আব্দুল্লাহ বুধবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন।