২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইস প্রেসিডেন্ট গ্যারাং নিহত হওয়ার পর সুদানে ব্যাপক দাঙ্গা

সুদানের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক বিদ্রোহী নেতা জন গ্যারাং এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর দেশটিতে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা রাজধানী খার্তুমের বিভিন্ন অফিস আদালতে ভাংচুর শুরু করেছে। শহরের বিভিন্ন স্থানে চলছে গোলাগুলি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 06:04 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

উগান্ডা ও সুদানের সরকারি কর্মকর্তারা জানান, ৬০ বছর বয়সী সাবেক বিদ্রোহী নেতা গ্যারাং শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় দক্ষিণ সুদানের উদ্দেশ্যে উগান্ডা থেকে যাত্রা করার পর হেলিকপ্টার বিদ্ধস্ত হয়ে নিহত হন। দেশটিতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 

তার নিহত হওয়ার খবর রাজধানীতে পৌঁছানোর পরপরই দেশটিতে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তাকর্মীদের সাথে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। নিরাপত্তাকর্মীরা বিদ্রোহ দমন করে শহরের দখল নেয়ার চেষ্টা করছে। 

সুদানের দুই দশকব্যাপী গৃহযুদ্ধের অবসানের লক্ষ্যে গৃহীত শান্তি সমঝোতার অংশ হিসেবে তিন সপ্তাহ আগে গ্যারাং দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। দেশটির জনগণের কাছে তিনি একজন জনপ্রিয় নেতা ছিলেন।

গ্যারাংয়ের অনুপস্থিতি সুদানের উত্তরাঞ্চলীয় মুসলিম ও দক্ষিণাঞ্চলের খ্রিস্টানদের মধ্যে জানুয়ারিতে স্বাক্ষরিত শান্তিচুক্তির জন্য বড় ধরনের হুমকি হয়ে দেখা দেবে।

মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে ২১ বছরের গৃহযুদ্ধের কারণে কমপক্ষে ২০ লাখ লোক প্রাণ হারিয়েছে।