২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি বাদশাহ ফাহাদ আর নেই, আপডেট

সৌদি বাদশাহ ফাহাদ আর নেই। সোমবার রিয়াদের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে ..... রাজেউন)। সরকারিভাবে তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকেও মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 04:52 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

এদিকে বাদশাহ ফাহাদের মৃত্যুর পর যুবরাজ আবদুল্লাহকে তার উত্তরসূরী এবং প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজকে যুবরাজ হিসেবে ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সময় রাত আড়াইটায় তার মৃত্যু হয় বলে একজন সিনিয়র সৌদি কর্মকর্তা জানিয়েছেন।

তার মৃত্যুর কয়েক মিনিটের মধ্যে এ খবর পৌঁছে যায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছে। মঙ্গলবার তার দাফন সম্পন্ন হবে।

তার মৃত্যুর পর থেকে সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনে কোরান তেলওয়াত প্রচার করা হচ্ছে।

বাদশাহর মৃত্যুর খবর ঘোষণা করেন মন্ত্রী ইয়াদ বিন মাদানী। আবেগ জড়িত কন্ঠে তিনি এ ঘোষণা দেন।

বাদশাহ’র জন্ম তারিখটা মাদানী বলতে পারেননি। তবে তিনি বলেন অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। সৌদি আরবের রাজধানী কিং ফয়সল স্পেশালিস্ট হাসপাতালে তার মৃত্যু হয়। গত ২৭ মে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। কর্মকর্তারা জানান, তীব্র জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। 

বাদশাহ ফাহাদ তার শাসনামলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন।

বাদশাহ ফাহাদ ছিলেন পঞ্চম সৌদি বাদশাহ। ১৯৮২ সালের ১৩ জুন তিনি বাদশাহ হিসেবে দায়িত্ব নেন।

তার দায়িত্বকাল ছিল ঘটনাবহুল। ১৯৯০ সালে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমন করে বসলে তিনি সৌদিআরবে মার্কিন সেনা উপস্থিতি মেনে নেন। হাজার হাজার মার্কিন সেনা এমনকি নারী সেনাও সৌদি আরব থেকে ইরাকে অভিযান চালায়। 

স্ট্রোকের পর ফাহাদ ডায়বেটিস ও হাঁটুর সমস্যায় ভুগছিলেন। ফাহাদ ছিলেন আধুনিক সৌদি আরবের জনক আব্দুল আজিজের ছেলে।

তিনি খুব বিলাসী জীবন যাপন করতেন এবং ভ্রমন প্রিয় মানুষ ছিলেন। ১৯৫৩ সালে তিনি শিক্ষামন্ত্রী হন। ১৯৬২ সালে শিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে বাদশাহ ফয়সলের মৃত্যুর পর তিনি যুবরাজ হিসেবে মনোনীত হন। ১৯৮২ সালে তার ভাই খালেদের মৃত্যুর পর তিনি আনুষ্ঠানিকভাবে বাদশাহ হিসেবে দায়িত্ব নেন।

তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কমই জানা গেছে। তার তিন স্ত্রী ও আট জন সন্তান রয়েছে। তার বড় ছেলে ফয়সাল ১৯৯৯ সালে হৃদ রোগে মারা যায়। 

সৌদি বিবৃতিতে বলা হয়, বাদশাহ ফাহাদের মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। সৌদি কর্মকর্তারা বলেছেন, বাদশাহর মৃত্যুতে সৌদি পররাষ্ট্র নীতির তেমন কোনও পরিবর্তন হবে না। 

এদিকে ফাহাদের মৃত্যুতে বিশ্ব নেতৃবৃন্দ ও ইসলামি রাষ্ট্রগুলোর প্রধানরা গভীর শোক প্রকাশ করেছেন।

বাদশাহ ফাহাদের মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।