টনি ব্লেয়ার আগামী সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছেন না
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার দেশটির আগামী সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন। ব্লেয়ার তার পরিবার ও ঘনিষ্ট রাজনৈতিক সহকর্মীদের এ কথা বলেছেন। লন্ডনের দ্য গার্ডিয়ান পত্রিকায় সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
দ্য গার্ডিয়ান জানায়, টনি ব্লেয়ার বিষয়টি নিয়ে ইতোমধ্যেই স্ত্রী চেরির সাথে আলাপ আলোচনা করেছেন। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী তার পুরাতন কয়েকজন রাজনৈতিক সহকর্মীদের কাছে তার এ পরিকল্পনার কথা জানিয়েছেন।
টনি ব্লেয়ারের ঘনিষ্ট এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে দ্য গার্ডিয়ান আরো জানায়, ব্রিটিশ রাজনীতির বাইরে তিনি অন্য কোন প্রতিষ্ঠানের প্রধান হবার চেষ্টা করবেন না। এমনকি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট কিংবা জাতিসংঘের উর্ধ্বতন কোন পদেও তার যোগদাদের ইচ্ছা নেই।
এর আগে তিনি প্রস্তাব করেছিলেন যে, ইউরোপীয় কমিশনের সংস্কার সাধন করে প্রেসিডেন্ট পদে একজন যোগ্য ও তরুণকে নির্বাচিত করা উচিত। পরে অবশ্য তার প্রস্তাব ইউরোপীয় কমিশনের অন্যান্য দেশের নেতারা সমর্থন জানায়নি।
৫২ বছর বয়স্ক টনি ব্লেয়ার ১৯৮৩ সাল থেকে সেদগেফিল্ড থেকে পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। মাত্র ৩০ বছর বয়স থেকে তিনি লেবার দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত অপ্রত্যাশিত জয়লাভ করেন। পরপরপ ৩ বার তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
