রোমে আটক সন্দেহভাজন ওসমান লন্ডনে ব্যর্থ বোমা হামলার কথা স্বীকার করেছে
ইতালির রাজধানী রোমে গ্রেপ্তারকৃত ব্যক্তি লন্ডনের ২১ জুলাইয়ের একটি পাতাল রেল স্টেশনে বোমা হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
রোমে জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তি একথা স্বীকার করেছে বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে জিজ্ঞাসাবাদকারীদের একজন বলেছেন, রোমে গ্রেপ্তারকৃত ওসমান হোসেন (২৭) ইতালীয় জিজ্ঞাসাবাদকারী বলেছেন যে, আশেপাশের মানুষের ক্ষতি করতে এমন পরিমাণের বিস্ফোরক ওই সময় তার কাছে ছিল না।
লন্ডনের পাতাল রেল স্টেশন ও বাসে চারটি ব্যর্থ বোমা হামলার একটির সাথে জড়িত থাকার সন্দেহে ওসমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, পশ্চিম লন্ডনের শেফার্ড’স বুশ পাতাল স্টেশনে বোমা হামলার চালানোর সাথে সে জড়িত।
ওসমানকে শুক্রবার তার রোমে তার ভাইয়ের অ্যাপার্টমেন্ট থেকে আটক করা হয়।
আদালত কর্তৃক মনোনীত ওসমানের আইনজীবী এন্তোনিয়েতা সোন্নিসা জানান, রোমের রেজিনা কোয়েলি কারাগারে শনিবার জিজ্ঞাসাবাদকালে ওসমানকে বেশ শান্ত দেখাচ্ছিল। সে নিজেকে একজন সন্ত্রাসী হিসেবে মনে করে না। ব্রিটেনের হাতে হস্তান্তরের বিরুদ্ধে সে আইনি লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছে।
জিজ্ঞাসাবাদকালে ওসমান জানিয়েছে, হামলার কয়েক মাস আগে সে লন্ডনে মুক্তার নামের এক ব্যক্তির কাছ থেকে বিস্ফোরক ব্যবহারের কলা-কৌশল রপ্ত করেছে। জিজ্ঞাসাবাদকালে ইতালির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন সন্ত্রাস বিরোধী প্রসিকিউটরও উপস্থিত ছিলেন।
মুক্তারের আসল নাম মুক্তার সাঈদ ইব্রাহিম (২৭)। তাকে শুক্রবার লন্ডনের অভিযানকালে আটক করা হয়। সেও লন্ডনের ২১ জুলাইয়ের হামলার অভিযোগে অভিযুক্ত।
তবে ওসমান স্বীকার করেছে, তাদের হামলার লক্ষ্য কখনই মানুষ হত্যা করা ছিল না। তারা চেয়েছিল মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে। এ ব্যাপারে মুক্তারও তাকে সতর্ক করে দিয়েছিল বলে ওসমান জানান। তার ভাষায়, মার্কিন নেতৃত্বাধীন ইরাক আগ্রাসনের কারণে সৃষ্ট ঘৃণা থেকে হামলাকারীরা হামলার সিদ্ধান্ত নিয়েছিল।
এদিকে ওসমানকে ব্রিটেনের হাতে হস্তান্তর করার যে প্রক্রিয়ার কথা শোনা যাচ্ছে, তার বিরুদ্ধেও আইনি লড়াই চালিয়ে যাবার অঙ্গীকার করেছে ওসমান। ব্রিটেনের পরিবর্তে সে ইতালিতেই থাকতে আগ্রহী।
ওসমানের আসল নাম হামদি আইজাক। রোমে সে তার ভাই রেমজি আইজাকের অ্যাপার্টমেন্টে উঠেছিল।
