আক্রমণাত্মক মন্তব্য থেকে বিরত থাকতে পাক-ভারত সম্মত
পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এমন কোনও আক্রমণাত্মক ও আপত্তিকর মন্তব্য করা থেকে দেশ দুটি বিরত থাকতে সম্মত হয়েছে।
ভারতের মহারাষ্ট্র রাজ্যে বন্যা, ভূমিধস ইত্যাদি কারণে প্রাণহানির প্রেক্ষিতে সান্তনা জানাতে শুক্রবার পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ফোন করলে দুই নেতা কটু মন্তব্য থেকে বিরত থাকবেন বলে আশা প্রকাশ করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল মোশাররফ বলেছেন, পাক-ভারত চলমান শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে এমন কোন মন্তব্য করা থেকে দেশ দুটি নিজেদের স্বার্থেই বিরত থাকবে।
রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের তথ্য মন্ত্রী শেখ রশিদ আহমেদ সাংবাদিকদের জানান, চলমান শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে এমন কোন মন্তব্য করা থেকে বিরত থাকতে দুই নেতা সম্মত হয়েছেন।
পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ড. সিংয়ের মন্তব্যের প্রেক্ষিতে পাকিস্তান এ মন্তব্য করে।
পাকিস্তানের বক্তব্য, ড. সিং সম্প্রতি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ও দেশটিতে সন্ত্রাসবাদের বিস্তৃতি পাক-ভারত শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন।
