২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহারাষ্ট্রের বন্যায় মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে যেতে পরে, ত্রাণ তৎপরতা চলছে

ভারতের সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বন্যায় মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে যেতে পারে। এদিকে হাজার হাজার ক্ষুব্ধ জনতা পানীয় জল, আবর্জনা পরিষ্কার ও বিদ্যুতের দাবিতে শনিবার মুম্বাইয়ে কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 10:00 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

মহারাষ্ট্র রাজ্যের প্রধান সেক্রেটারি প্রেম কুমার জানান, উদ্ধারকর্মীরা মহারাষ্ট্রের রাইগাদ ও মুম্বাইয়ের অন্যান্য দু’টি বন্যাক্রান্ত এলাকা থেকে শনিবার ধ্বংসস্তুপের মাঝ থেকে কমপক্ষে ১০৪টি মৃতদেহ উদ্ধার করেছে। এ নিয়ে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইসহ অন্যান্য জেলায় বৃষ্টিপাত, বন্যা, ভূমিধস, বিদ্যুতায়িত ও শেষ সময়ে সুনামি আতঙ্কে পদদলিত হয়ে মৃতের সংখ্যা কমপক্ষে ৯২৪-এ গিয়ে দাঁড়াল।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলে ধ্বংসস্তুপের নিচে আরও মৃতদেহ আটকে থাকতে পারে। আর এ কারণেই তারা আরও ১০০ থেকে ১৫০টি মৃতদেহ খুঁজে পাবার আশংকা করছেন।

প্রেম কুমার আরও জানান, উদ্ধার তৎপরতা এখন প্রায় শেষের দিকে। কর্মকর্তারা এখন ত্রাণ বিতরণের দিকে মনোযোগ দিচ্ছেন।

বন্যা-পরবর্তী পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার ব্যাপারে ভারতের সংবাদপত্রগুলো সতর্ক করে দিয়েছে। যে কোন ধরনের মহামারি প্রতিরোধ করতে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলো বিনামূল্যে ঔষধ বিতরণ শুরু করেছে।

এদিকে বন্যার কারণে জমে যাওয়া আবর্জনা দ্রুত পরিষ্কারের দাবিতে মুম্বাইয়ের পাঁচটি জেলায় হাজার হাজার অধিবাসী বিভিন্ন সরকারি অফিসের সামনে জড়ো হয়ে সরকার বিরোধী শ্লোগান দিয়েছে। দাবি আদায়ের লক্ষ্যে তারা শনিবার পাঁচ ঘন্টার জন্য সড়ক অবরোধ করে রাখে।

সরকারি কর্মকর্তারা স্থানীয় অধিবাসীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, রাস্তাঘাট ও ড্রেন পরিষ্কার করার জন্য অন্য এলাকা থেকে লোক ও যন্ত্রপাতি চেয়ে পাঠানো হয়েছে। সরকারি ট্রাকগুলো আবর্জনা, কাঁদা, মৃত পশু সরিয়ে নেয়ার কাজে যেন ব্যবহার করা যায় সে কারণে সরকার মহারাষ্ট্রে আপাতত সকল উন্নয়ন কাজ বন্ধ ঘোষণা করেছে বলে সরকারি কর্মকর্তা সতিশ সিন্দে জানান।