পুলিশের গুলিতে নিহত ব্রাজিলিয়ান নাগরিকের শেষকৃত্যানুষ্ঠানে হাজারও মানুষের শ্রদ্ধা
লন্ডনে একসপ্তাহ আগে সন্দেহভাজন সন্ত্রাসী মনে করে ভুলবশত পুলিশের গুলিতে নিহত ব্রাজিলিয়ান নাগরিক জ্যঁ চার্লস ডি মেনেজেসের শেষকৃত্যানুষ্ঠান শুক্রবার সম্পন্ন হয়েছে।
ব্রাজিলের সেন্ট্রাল স্কয়ারে হাজার হাজার মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন এবং অন্যায় হত্যার বিচার দাবি করেন।
তিন বছর আগে ২৭ বছর বয়সী মেনেজেস কাজের সন্ধানে লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে ইলেক্টনিক্স মেকানিকের কাজ করতেন।
২২ বছর বয়সী জুনিয়র চানহা ঘটনার দিন মেনেজেসের সাথে রাস্তায়ই ছিলেন। তিনি বলেন, মেনেজেসকে বর্বর ও অযৌক্তিকভাবে গুলি করে হত্যা করা হয়েছে। যারা তাকে হত্যা করেছে সেসব পুলিশের শাস্তি দিতে হবে।
চানহার চাচা অ্যালেনি রেবেইলিও বলেন, যখন তাকে হত্যা করা হয় তখন তিনি বাঁধা দিয়েছিলেন। এটা সত্যি যে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলো না। নিরীহ মানুষকে হত্যা করাটাই এখন নতুন ধরনের সন্ত্রাসবাদ। টাউন প্লাজা ও উইন্ডিং স্ট্রিটে হাজার হাজার মানুষ বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে তার হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তার মৃত্যুর জন্য ব্রাজিলের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।
শুক্রবার তার শেষকৃত্যানুষ্ঠানে মেনেজেসের পিতামাতা তাদের ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় মেনেজেসের লাশ ব্রাজিল ও জোনজাগার প্রদেশের পতাকায় ঢাকা ছিলো।
