২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান ঘাঁটি গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র ২০০৭ সালের মধ্যে দক্ষিণ জার্মানির ১১টি সামরিক ঘাঁটি থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 11:08 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বিশেষ করে বাভারিয়া ঘাঁটি থেকে প্রথম ইনফ্যান্টরি ডিভিসনকে ২০০৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হবে বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে। বাভারিয়ার কিটজিনজেনের পাঁচটি ঘাঁটি জার্মান কর্তৃপক্ষের কাছে হস্তান্তরও করা হবে। এর মধ্যে সেন্ট্রাল জার্মানির ফ্রাঙ্কফ্রুটের নিকটবর্তী উইয়ের্জবার্গের তিনটি ঘাঁটিও বন্ধ করে দেয়া হবে বলে ইউএস ইউরোপিয়ান কমান্ডের ওই বিবৃতিতে বলা হয়েছে। এছাড়া আরও দুটি ঘাঁটি জার্মানিকে ফিরিয়ে দেয়া হবে। এতে করে ২০০৬ সালের মধ্যে ছয় হাজার একশ’ সেনা, তাদের পরিবারের ১১ হাজার সদস্যসহ প্রায় দুই হাজার সাধারণ কর্মচারির ভাগ্য অনিশ্চয়তার মুখে পড়েছে।

পেন্টাগনের ইন্টিগ্রেটেড গ্লোবাল প্রেজেন্স অ্যান্ড বেজিং স্ট্র্যটেজির সার্বিক পরিকল্পনা হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সেইসাথে গত বছর প্রেসিডেন্ট বুশের পরিকল্পনা মাফিক ইউরোপ ও এশিয়ার ৭০ হাজার মার্কিন সেনাকে সরিয়ে আনা হবে।

পশ্চিম ইউরোপে এক লাখ ও দূরপ্রাচ্যে ৮০ হাজার সেনা নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে।

ইরাকের পর জার্মানিতেই সবচে’ বেশি মার্কিন সেনা উপস্থিতি রয়েছে।