২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনের ২১ জুলাইয়ের হামলার ৪ সন্দেহভাজন গ্রেপ্তার

পুলিশ ব্রিটেনের রাজধানী লন্ডন ও রোমে শুক্রবার অভিযান চালিয়ে লন্ডনের পাতাল রেল স্টেশন ও বাসে ২১ জুলাইয়ের ব্যর্থ বোমা হামলায় জড়িত চার সন্দেহভাজনকেই গ্রেপ্তার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 09:06 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

গ্রেপ্তারকৃত চারজন হলেন, ইয়াসিন হাসান ওমর (২৪), সাঈদ ইব্রাহিম (২৭), রামজি মোহাম্মদ ও ওসমান হোসাইন।

লন্ডন থেকে গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জনকে ওভাল টিউব ও ২৬ নম্বর বাসে ২১ জুলাইয়ে ব্যর্থ বোমা হামলাকারী বলে ধরা হচ্ছে। ইতোমধ্যে তৃতীয় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

উত্তর কেনসিংটনের ডানগার্নো গার্ডেন্সের ট্রাস্ট এস্টেট থেকে দু’জনকে ও নটিং হিলের ট্যাভিস্টক রোড এলাকা থেকে একজনকে পুলিশ শুক্রবার গ্রেপ্তার করে।

পুলিশ কর্মকর্তারা লিভারপুল স্ট্রিট স্টেশন থেকেও দুই মহিলাকেও আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাড়িতে মুখোশ পরিহিত পুলিশ কর্মকর্তারা ঢোকার আগে তারা তিনটি গুলির আওয়াজ শুনেছেন।

এদিকে ওয়ারেন স্ট্রিট টিউব স্টেশনে হামলার অভিযোগে পুলিশ সন্দেহভাজন ইয়াসিন হাসান ওমরকে জিজ্ঞাসাবাদ করছে। বুধবার ওমরকে বার্মিংহাম থেকে আটক করা হয়।

তবে শেফার্ড’স বুশ স্টেশনে হামলার সাথে জড়িত চতুর্থ সন্দেহভাজনকে সন্ত্রাস-বিরোধী পুলিশ এখনও খুঁজছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মুক্তার সাঈদ ইব্রাহিমের বিরুদ্ধে শোরিডিচ এলাকায় বাসে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে। আর অজ্ঞাতনাম অপর ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ওভাল টিউবে হামলার অভিযোগে।

স্কটল্যান্ড ইয়ার্ড চার সন্দেহভাজনের গ্রেপ্তারকে অতি গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছে।