২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুইন আইকোর অপেক্ষায় জাপান

২,৬০০ বছরের পুরুষ-নিয়ন্ত্রিত জাপানি রাজতন্ত্র তিন বছরের এক বালিকার কাছে হার মানতে চলেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 01:46 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

দীর্ঘ কয়েক মাসের যাচাই-বাছাই, আলোচনা, বিতর্কের পর প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির উপদেষ্টা প্যানেল মঙ্গলবার জাপানের রাজ সিংহাসনে কোন নারীকে বসার অনুমতি প্রদানের ব্যাপারটি অনুমোদন করেছে।

রাজ পরিবারের ভবিষ্যত এক পুরুষ উত্তরাধিকারীর মৃত্যু ও দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে জাপানের সমাজে নারীদের ব্যাপক অংশগ্রহণের কারণে পরবর্তী সিংহাসনধারী নিয়ে আলাপ আলোচনা শুরু হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে নারীদের ভোটাধিকার লাভ ও সাংবিধানিকভাবে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত হবার পর অবস্থা আরও পাল্টেছে।

জাপানের রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী একজন নারী হবেন কিনা সে বিষয়টি প্রথম উত্থাপিত হয় ২০০১ সালে। প্রিন্সেস যখন একজন কন্যা শিশুর জন্ম দিলেন, তখন থেকেই ক্রিসানথিমাম থ্রোনে একজন পুরুষের বসার ব্যাপারটি হুমকির সম্মুখীন হয়ে পড়ে। কেননা, রাজকন্যা আইকো সিংহাসনের বর্তমান উত্তরাধিকারী প্রিন্স নারোহিতো ও প্রিন্সেস মাসাকোর একমাত্র সন্তান।

অবশ্য নারোহিতোর ছোট ভাই প্রিন্স ফিউমিহিতোকে পরবর্তী রাজা হিসেবেও অনেকে দেখছেন। এছাড়া আরও আছেন প্রিন্সের রক্তের সম্পর্কের বেশ কিছু চাচাত ভাই। সেই ১৯৬৫ সাল থেকে রাজ পরিবারের কোন পুত্র সন্তানের মুখ দেখেনি। কিন্তু জাপানের প্রচলিত আইন আইকো ও তার ভবিষ্যত সন্তানকে সিংহাসনে বসতে বাধা দেয়ার পক্ষেই যথেষ্ট। শুধু নারী হওয়ার কারণে সংবিধান অনুযায়ী সে সিংহাসনে বসতে পারবে না। কিন্তু রয়্যাল বিষয়ক বিশেষজ্ঞরা আশংকা করছেন, মেয়েদের সিংহাসনে বসার অনুমতি দেয়া না হলে, রাজ পরিবার ধ্বংসের মুখোমুখি হবে।

টোকিও’র রাইতসু কেইজাই বিশ্ববিদ্যালয়ের সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক কোইচি ইয়োকোতা জানান, জনগণ যদি এখন সচেতন না হয়, তাহলে সামনে তাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে।

উপদেষ্টা প্যানেল বলেছে, তিনটি সিদ্ধান্তের উপর ভিত্তি করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। বর্তমান পদ্ধতির স্থিতিশীলতা, ঐতিহ্য ও জনগণের মতামত। অবশ্য নারীদের সিংহাসনে দেখতে জাপানি জনগণ এক পায়ে রাজি।

এক জনমত জরিপে দেখা গেছে, ৮০ শতাংশ জাপানি নাগরিক নারী সিংহাসনধারীর পক্ষে। নিপ্পন টিভি নেটওয়ার্কের পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৯২ শতাংশ নারী সিংহাসনধারীর পক্ষে। মাত্র পাঁচ শতাংশ নারী সিংহাসনধারীর বিরোধিতা করেছে। আইকোর জন্মের আগেও নারীদের পক্ষে ভোট পড়েছে ৭০ শতাংশ।

আইকোর গ্রহণযোগ্যতা সম্পর্কে বলতে গিয়ে ওহারা বলেছেন, সিংহাসনে নারীদের দেখতে জাপানিদের যে মতামত, তাকে খণ্ডন করা খুবই কঠিন। আর তাই বলা যায়, আইকোর জাপানি রানী হওয়া সময়ের ব্যাপার মাত্র।