ডায়নার মৃত্যু রহস্য উদঘাটনে দূর্ঘটনাকবলিত গাড়ির ফরেনসিক পরীক্ষা হবে
প্রিন্সেস ডায়না নিহত হওয়ার আট বছর পেরিয়ে গেলেও তার মৃত্যু নিয়ে রহস্য এখনও কাটেনি। বারবার তিনি হয়েছেন সংবাদের শিরোনাম।
তার মৃত্যু রহস্য উদঘাটনের জন্য যে গাড়িতে চড়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন সেই গাড়িটির ফরেনসিক পরীক্ষার জন্য বৃহস্পতিবার ফ্রান্স থেকে লন্ডনে আনা হয়েছে।
লন্ডনের মেট্রোপলিটান পুলিশ জানায়, ডায়নার মৃত্যু রহস্য তদন্তের স্বার্থেই দুমড়ে মুচড়ে যাওয়া মার্সিডিজ গাড়িটি ফ্রান্স থেকে আনা হচ্ছে। ১৯৯৭ সালের ৩১ আগস্ট ডায়নাকে নিয়ে এই গাড়িটি একটি পিলারের সাথে প্রচণ্ড বেগে ধাক্কা লাগলে ডায়না, তার সঙ্গী দোদি আল ফায়েদ এবং গাড়ির চালক হেনরি পল নিহত হন। দূর্ঘটনা থেকে কেবল ডায়নার দেহরক্ষী ট্রেভর রিস জোনস বেঁচে গেলেও তার আঘাতও ছিল মারাত্মক।
গাড়িটি প্যারিস টানেলে দুর্ঘটনা কবলিত হওয়ার সময় কি ঘটেছিল সে সম্পর্কে ক্লু বের করতে চেষ্টা চালাবে ফরেনসিক বিশেষজ্ঞরা। তদন্ত ফলাফল পুলিশের রিপোর্টে যথাসময়ে প্রকাশ করা হবে।
