২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ জুলাইয়ের লন্ডন হামলায় সন্দেহভাজন রশিদ আসওয়াত জাম্বিয়ায় আটক

লন্ডনের পাতাল রেল ও বাসে ৭ জুলাইয়ের বোমা হামলার সাথে জড়িত এক সন্দেহভাজনকে জাম্বিয়ায় আটক করা হয়েছে। জাম্বিয়ার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 09:14 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

গ্রেপ্তারকৃত ব্রিটিশ নাগরিক হারুন রশিদ আসওয়াতের বিরুদ্ধে অভিযোগ, লন্ডনের বোমা হামলার আগে দুই আত্মঘাতী হামলাকারীর সাথে তার যোগাযোগ হয়েছিল।

জাম্বিয়ার সরকারি কর্মকর্তারা জানায়, জিম্বাবুয়ে থেকে জাম্বিয়ায় প্রবেশ করার পর তাকে সীমান্ত শহর লিভিংস্টোন থেকে গ্রেপ্তার করা হয়।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটককৃত ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করতে ব্রিটিশ পুলিশ চেষ্টা চালাচ্ছে। তবে তারা গ্রেপ্তারকৃত ব্রিটিশ নাগরিকের নাম প্রকাশ করেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, লন্ডনের বোমা হামলার আগে দুই বোমা হামলাকারীর সাথে আসওয়াতের মোবাইলে যোগাযোগ হয়েছিল।

অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৯ সালে অরিজনে একটি সন্ত্রাসী প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক সপ্তাহ আগে তাকে গ্রেপ্তার করে।

তবে ৭ জুলাইয়ের সম্ভাব্য মূল পরিকল্পনাকারী হিসেবে স্কটল্যান্ড ইয়ার্ড আসওয়াতকে গণ্য করতে রাজি নয়।

স্কটল্যান্ড ইয়ার্ডের এক মুখপাত্র বলেন, এর সব কিছুই হচ্ছে অনুমান। আর এ বিষয়ে আমরা এখন কোনও করব না।

এদিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার ইয়ান ব্লেয়ার বলেছেন, লন্ডনের বোমা হামলাকারীদের অতিসত্ত্বর গ্রেপ্তারের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।