মহারাষ্ট্রে বন্যায় ৮০০ জনের প্রাণহানি, ফের ভারী বৃষ্টির আশংকা
ভারতের মহারাষ্ট্র রাজ্যে স্মরণকালের সবচেয়ে বেশী মৌসুমি বৃষ্টিপাত সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ভূমিধস ও ভবন ধসে ৫১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে মহারাষ্ট্রের মুখ্যসচিব আর এম প্রেমকুমার স্বীকার করলেও ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেক মৃতদেহ চাপা পড়ে আছে এবং তা ৮শ’ ছাড়িয়ে যাবে বলে বিভিন্ন বার্তা সংস্থা জানায়।
বৃহস্পতিবার মুম্বাইয়ের কয়েকটি এলাকা থেকে পানি নামলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু’ একদিনের মধ্যে ফের প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিমান ও রেল যোগাযোগ কিছুটা চালু হয়েছে। গত কয়েকদিন ধরে মুম্বাইয়ের সাথে সকল প্রকার বিমান, রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। দেড় লাখ লোক বিভিন্ন রেলস্টেশনে এখনও আটকা পড়ে আছে।
প্রেমকুমার বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। এরমধ্যে অবকাঠামো ধ্বংসের পরিমাণ ১ হাজার কোটি টাকা, গবাদিপশু মারা গেছে ১শ’ কোটি টাকা, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি ৩শ’ কোটি টাকা এবং ৬শ’ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে।
প্রধানমন্ত্রী মনমোহন সিং ত্রাণ সাহায্যের জন্য ৭শ’ কোটি টাকা নগদ অর্থ এবং ১০ হাজার টন খাদ্য শস্য বরাদ্দের কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন বিধ্বস্ত মুম্বইয়ে পুর্নগঠনের কাজে অর্থের কোনও সমস্যা হবে না। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখকে নিয়ে আকাশপথে মুম্বই ও কোঙ্কনের বিধ্বস্ত এলাকাগুলো ঘুরে দেখেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, এই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের ৩০ লাখ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবিরাম বৃষ্টিতে ১ হাজার মহিষ মারা গেছে।
তিনি বলেন, এমন বৃষ্টি আর কখনও হয়নি। ১৯১০ সালে সবচেয়ে বেশী বৃষ্টি প্রবন এলাকা আসামের চেরাপুঞ্জিতে একদিনই কেবল সর্বোচ বৃষ্টি রেকর্ড করা হয়েছিল ৮৯৮ মিমি.। আর মুম্বাইয়ে ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৯৪৪ মিলিমিটার। ভারতের ইতিহাসে তো অবশ্যই, বিশ্বের ইতিহাসেও এ ধরনের বর্ষণের ঘটনা নজিরবিহীন। রোববার থেকে অতিবৃষ্টির ফলে বুধবারেই মারা গেছে ২০০জন।
মুম্বাইয়ে ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভারতের কয়েকটি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রদেশ দুটি হচ্ছে মহারাষ্ট্র ও কেরালা। বৃহস্পতিরবার পর্যন্ত ভূমি ও ভবন ধসে প্রাণহানি এবং বিভিন্নভাবে লোকজনের আটকা পড়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বর্ষণে যে আকস্মিক পরিস্থিতির সৃষ্টি হয়, তাতে ভারতের মহারাষ্ট্র এবং কেরালা প্রদেশের জীবনযাত্রা হঠাৎ করেই স্তব্ধ হয়ে যায়। বলতে গেলে, যে যেখানে অবস্থান করছিলো, সেখানেই আটকা পড়ে যায়। স্কুল থেকে বের হতে পারেনি কয়েশ’ ছোট ছোট শিক্ষার্থী। বৃষ্টির পানিতে মাঝ রাস্তায় আটকা পড়ে অনেক যাত্রীবাহী যানবাহন। বিভিন্ন স্টেশনে গন্তব্যে ফেরার পথে দেড় লাখেরও বেশি লোক আটকা পড়ে যায়। শিক্ষার্থী বা পেশাজীবী মানুষের অনেকেই বাসায় ফিরতে পারেনি। নিজ নিজ প্রতিষ্ঠানেই অনেককে রাত্রিযাপন করতে হয়েছে। দেওয়াল ধসে ও যানবাহনে আটকা পড়ে মারা গেছে অনেকই।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যিক রাজধানী বলে খ্যাত মুম্বাই। পহেলা জুন থেকে এ পর্যন্ত দুই মাসের মধ্যে প্রবল বর্ষণের কারণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ছয়শ’। দশ হাজারেরও বেশি ঘরবাড়ি, রাস্তাঘাট, রেলপথ, ব্রিজ ভেসে গেছে। ভারত ও বহির্বিশ্বের সঙ্গে মুম্বাইয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আটককৃতদের উদ্ধারে সেনা, নৌ ও বিমান বাহিনী ও হোম গার্ডের সাহায্য চাওয়া হয়েছে। মহারাষ্ট্র রাজ্য সরকার জরুরি পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত দুই দিনের ছুটি ঘোষণা করেছিল। উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত গতিতে চলছে।
