২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে শ্রমজীবী এক্সপ্রেসে বিস্ফোরণ: হত ১০ আহত ৮০

ভারতের পাটনা থেকে দিল্লিগামী শ্রমজীবী এক্সপ্রেস ট্রেনে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বোমা বিস্ফোরণে একজন মহিলাসহ ১০ জন নিহত এবং এবং ৮০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জনের জখম মারাত্মক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 02:19 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

জৌনপুর এবং সুলতানপুর স্টেশনের মাঝখানে ট্রেনটির ইঞ্জিন থেকে দু’টি বগি পেছনে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের শব্দের সঙ্গে সঙ্গেই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের বারাণসীতে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনের আটকা পড়া যাত্রীদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাসে করে নিকটবর্তী স্টেশনে পৌঁছে দেয়া হয়েছে।

রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব র্দুঘটনাস্থলে গেছেন। তিনি বলেন, রেল সুরক্ষা ভেঙে কি করে বিস্ফোরক নিয়ে দুস্কৃতিকারীরা ট্রেনে উঠল তা তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গকে এক লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। ৫০ হাজার করে টাকা দেওয়া হবে গুরুতর জখমদের। আর ২৫ হাজার টাকা পাবেন সামান্য আহতরা।

রেল বোর্ডের চেয়ারম্যান আর কে সিং বলেন, “বোমা না গ্যাস সিলিন্ডারে এ দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনও বোঝা যাচ্ছে না, কি করণে বিস্ফোরণ ঘটল।”

তবে ট্রেনটি থেকে প্রচুর বোমা উদ্ধার করা হয়েছে বলে অসর্মথিত খবরে জানা গেছে। নকশালরা ট্রেনে বিস্ফোরণ ঘটিয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।