২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খর্বাকৃতি আত্মহত্যার ঝুঁকি বাড়ায়

খর্বাকৃতির মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা তুলনামূলক বেশি। গবেষকদের যুক্তি, শারীরিক বৃদ্ধির সাথে জড়িত বেশ কয়েকটি বিষয়ের কারণে পরবর্তী জীবনে তাদের আত্মহত্যার সম্ভাবনা বৃদ্ধি পায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

সুইডেনের আপসালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্যাট্রিক মাগনুসানের নেতৃত্বে একদল গবেষক এ গবেষণা সম্পন্ন করেন।

সুইডেনের ১৩ লাখ নাগরিকের মধ্যে তারা এ গবেষণা চালান।

গবেষকরা দেখেছেন, প্রতি দুই ইঞ্চি উচ্চতার জন্য মানুষের আত্মহত্যার ঝুঁকি ৯ শতাংশ হারে কমতে থাকে। আর সব কিছু মিলিয়ে লম্বাদের চেয়ে খাটোদের আত্মহত্যার ঝুঁকি দ্বিগুন।

ব্যক্তির উচ্চতার সাথে আত্মহত্যার সম্পর্কের বিষয়ে আগে আরো গবেষণা হয়েছে। সে গবেষণাগুলোতে উচ্চতা ছাড়াও আয়, সামাজিক শ্রেণীভেদের সম্পর্ক উঠে আসে। যে শিশুরা অবহেলা ও অনাদরে বেড়ে ওঠে তাদের খাটো হওয়ার সম্ভাবনা বেশি। আর এ কারণে তাদের আত্মহত্যার ঝুঁকিও কম নয়।

তবে সর্বশেষ গবেষণায় গবেষকরা দেখিয়েছেন, একজন ব্যক্তির আয়, শিক্ষা অথবা তার পিতা-মাতার সামাজিক মর্যাদা ঐ ব্যক্তির আত্মহত্যার প্রবণতার সাথে উচ্চতার সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব রাখতে পারে না।

যে যে বিষয়গুলো শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়ায়, সে সব বিষয় পূর্ণ বয়স পর্যায়ে ব্যক্তির আত্মহত্যার ঝুঁকি বাড়িয়ে তোলে।

গবেষকরা ১৯৬৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে সামরিক বাহিনীতে নিবন্ধন করেছেন, এমন ১৩ লাখ লোকের ওপর গবেষণা পদ্ধতি প্রয়োগ করেন। তাদের জন্ম-মৃত্যু তারিখ ও জনমত রেকর্ডও বিবেচনায় আনা হয়।

গবেষকরা বলেছেন, তাদের মধ্যে তিন হাজার পুরুষ আত্মহত্যা করেছেন। দেখা গেছে, উচ্চতা যত বেড়েছে, আত্মহত্যার ঝুঁকি তত কমেছে। তবে আত্মহত্যার পিছনে তাদের শিক্ষা, পিতা-মাতার আয় ও মানসিক অসুস্থতার রেকর্ড কোন ভূমিকা রাখেনি।

উচ্চতার সাথে আত্মহত্যার সম্পর্কের ব্যাপারে মাগনুসান ও তার সহকর্মীরা ব্যাখ্যাও দিয়েছেন। তাদের বক্তব্য, মানসিক চাপ ও সমস্যা সংকুল পরিবার শিশুর শারীরিক ও মানসিক বিকাশে ও পরবর্তীতে আত্মহত্যার ঝুঁকি বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। কম ওজনও আত্মহত্যার ঝুঁকি বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় কারণ।

অপরদিকে বিয়ে আত্মহত্যার ঝুঁকি কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখে। আবার খাটোদের বিয়ে না করার দিকেই আগ্রহ বেশি।

পরিশেষে মাগনুসানের দল একটি ব্যাখ্যা দিয়েছেন। খর্বকায় ব্যক্তিরাই এমন কিছু বৈষম্যের শিকার হন, যার কারণে তাদের আত্মহত্যার পথ বেছে নেয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।