ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী জিনের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা
সম্প্রতি বিজ্ঞানীরা ক্যান্সারের জন্য দায়ী জিনের খোঁজ পেয়েছেন, যা ব্রেস্ট ক্যান্সারের কোষকে ফুসফুসে ছড়িয়ে দিতে সাহায্য করে। নতুন এই সন্ধান মরণব্যধির লক্ষণ ও এর চিকিৎসায় উন্নতি সাধন করবে এমন আশাই করছেন তারা।
ফ্রান্সের ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের সমীক্ষা অনুযায়ী প্রতি বছর ব্রেস্ট ক্যান্সারে মারা যান এক লাখেরও বেশি নারী। ক্যান্সারের কারণ ও কিভাবে তা রোধ করা যায় তা নিয়ে প্রতিনিয়ত চলছে গবেষণা।
নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-কেটারিং ক্যান্সার সেন্টারের হাওয়ার্ড হাজেস মেডিকেল ইন্সটিটিউটের ড. জোয়ান মাসাগ এ ব্যাপারে বলেন, আমরা ব্রেস্ট ক্যানসারের জন্য দায়ী জিনের খোঁজ পেয়েছি। এই জিনের কারণে ওই ক্যান্সার বিশেষভাবে ফুসফুসে ছড়িয়ে পড়ে।
এই জিন কেবল ক্যান্সার বিস্তারের স্থান নির্ণয় করবে না, সেইসাথে এর তীব্রতা সম্পর্কেও পাওয়া যাবে বিশদ তথ্য। ফলে ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী জিনের বিরুদ্ধে প্রতিষেধকের ব্যাপারেও ভালো ফলাফল পেতে পারেন চিকিৎসকরা।
তবে এই ক্যানসার প্রতিরোধ করতে হলে জিনের চিকিৎসা করাতে হবে ছড়িয়ে পড়ার আগেই। ক্যান্সারের পূর্বলক্ষণ হিসেবে প্রাথমিক ব্রেস্ট টিউমারে বেশিরভাগ সময়ে এই জিন পাওয়া যায়। ৮২ জন রোগীর ব্রেস্ট টিউমারে এই জিন খুঁজে পেয়েছেন মাসাগ, যা পরবর্তীতে ফুসফুসে ছড়িয়ে পড়েছে।
প্রথমে প্রাণীদেহে পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে এই আবিষ্কারের ফলাফল বের করাই হবে পরবর্তী পদক্ষেপ বলে জানান মাসাগ।
