মহারাষ্ট্রে বন্যায় ৪১৮ জনের প্রাণহানি
ভারতের মহারাষ্ট্রে মৌসুমি বৃষ্টিপাত সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ভূমিধস ও ভবন ধসে ৪১৮ জনের প্রাণহানি ঘটেছে। অর্ধেকেরও বেশি প্রাণহানি ঘটেছে মুম্বাইয়ে।
মুম্বাইয়ে ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভারতের কয়েকটি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রদেশ দুটি হচ্ছে মহারাষ্ট্র ও কেরালা। বৃহস্পতিরবার পর্যন্ত ভূমি ও ভবন ধসে প্রাণহানি এবং বিভিন্নভাবে লোকজনের আটকা পড়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মুম্বাইয়ের সাথে সকল প্রকার বিমান, রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেড় লাখ লোক বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ে আছে।
বিভিন্ন বার্তাসংস্থার খবরে জানা গেছে, মুম্বাইয়ে বৃষ্টিপাত গত একশ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। বুধবার মুম্বাইয়ে ২৪ ঘণ্টায় ৯৪ দশমিক ৪ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর আগে ১৯১০ সালে চেরাপুঞ্জিতে ৮৩ দশমিক ৮ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছিল। ভারতের ইতিহাসে তো অবশ্যই, বিশ্বের ইতিহাসেও এ ধরনের বর্ষণের ঘটনা নজিরবিহীন।
বুধবারের বর্ষণে যে আকস্মিক পরিস্থিতির সৃষ্টি হয়, তাতে ভারতের মহারাষ্ট্র এবং কেরালা প্রদেশের জীবনযাত্রা হঠাৎ করেই স্তব্ধ হয়ে যায়। বলতে গেলে, যে যেখানে অবস্থান করছিলো, সেখানেই আটকা পড়ে যায়। স্কুল থেকে বের হতে পারেনি কয়েশ’ ছোট ছোট শিক্ষার্থী। বৃষ্টির পানিতে মাঝ রাস্তায় আটকা পড়ে অনেক যাত্রীবাহী যানবাহন। বিভিন্ন স্টেশনে গন্তব্যে ফেরার পথে দেড় লাখেরও বেশি লোক আটকা
পড়ে । শিক্ষার্থী বা পেশাজীবী মানুষের অনেকেই বাসায় ফিরতে পারেনি। নিজ নিজ প্রতিষ্ঠানেই অনেককে রাত্রিযাপন করতে হয়েছে। দেয়াল ধসে ও যানবাহনে আটকা পড়ে মারা গেছে অনেকই। এ পর্যন্ত দুইশ’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যিক রাজধানী বলে খ্যাত মুম্বাই। শুধু মুম্বাইয়েই নিহত হয়েছে মোট নিহতের অর্ধেকেরও বেশি। গাড়িতে আটকা পড়ে ডুবে মারা গেছে ২৫ জনেরও বেশি। সাত শিশুর নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। গোটা মহারাষ্ট্র মিলিয়ে মৃতের সংখ্যা দেড়শ’। পহেলা জুন থেকে এ পর্যন্ত দুই মাসের মধ্যে প্রবল বর্ষণের কারণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ছয়শ’। দশ হাজারেরও বেশি ঘরবাড়ি, রাস্তাঘাট, রেলপথ, ব্রিজ ভেসে গেছে। মুম্বাইয়ের বাইরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুটি জেলা হচ্ছে রাইগাদ ও রত্নগিরি।
প্রবল বর্ষণের কারণে বুধবার বিকেলে পানি বাড়তে থাকে। মুম্বাই’র দুটি প্রধান সড়ক ভেসে যায় এবং এর পরপরই কয়েক শ’ ছোট সড়ক ভেসে যায়। মুম্বাই থেকে ছেড়ে যাওয়া ও মুম্বাইগামী সবগুলো ফ্লাইট বাতিল করে দেওয়া হয়। নয়া দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ চলে। ভারত ও বহির্বিশ্বের সঙ্গে মুম্বাইয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। আটককৃতদের উদ্ধারে সেনা, নৌ ও বিমান বাহিনী ও হোম গার্ডের সাহায্য চাওয়া হয়। মহারাষ্ট্র রাজ্য সরকার জরুরি পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত দুই দিনের ছুটি ঘোষণা করেছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত গতিতে চলছে।
মুম্বাই থেকে শত মাইল দূরের যে গ্রামগুলোতে লোকজন বন্যা ও ভূমিধসের কারনে আটকা পড়েছে এবং মারা গেছে তাদের সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। মুম্বাইয়ের দক্ষিণে একটি গ্রামে নিহত হয়েছে ১০০ জন। বুধবারের এ প্রবল বর্ষণে প্রায় ১৬ হাজার গ্রামের ৫৬ লাখ লোক ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ৭৬ হাজার গবাদিপশু মারা গেছে ও সাত লাখ একর জমির ফসল ভেসে গেছে।
