রক্ত দানে বিশ্বরেকর্ড
রক্ত দান করে নিজের রেকর্ড নিজেই ভেঙ্গেছেন দক্ষিণ আফ্রিকার একজন নাগরিক।
মঙ্গলবার তিনি ৩৫০ বার রক্ত দিয়ে এই রেকর্ড গড়লেন। দক্ষিণ আফ্রিকান ন্যাশনাল ব্লাড সার্ভিস এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, ৭৯ বছর বয়স্ক মরিস ক্রিসউইক ১৪ বারের মত তার নিজের রেকর্ড নিজেই ভাঙ্গলেন। মঙ্গলবারে তিনি ৩৫০ বার রক্ত দান করলেন। ক্রিসউইক প্রতি ৫৬ দিনে ৪৮০ মিলি লিটার করে রক্ত দিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।
ক্রিসউইক বলেন, যখন আমার বয়স এগার বছর, তখন একটি মর্মান্তিক দুর্ঘটনা প্রত্যক্ষ করেছিলাম। দুর্ঘটনায় এক ট্রাম গাড়ি অপর একটি মটর বাইককে দুমড়ে মুচড়ে ফেলে।
ক্রিসউইক আরও বলেন, ওই দুর্ঘটনায় পাঁচ জন যাত্রী মারাত্মক আহত হয়েছিল। তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, মানুষের প্রয়োজনে শুধু পাশে দাঁড়াব না, তাদের জন্য কিছু একটা অবশ্যই করব।
দক্ষিণ আফ্রিকার সড়ক ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সড়ক ব্যবস্থার অন্যতম। আর তাই দুর্ঘটনার হারও এখানে অনেক বেশি।
