উত্তর কোরিয়ার পারমাণু কর্মসূচি নিয়ে ছয়জাতির আলোচনা শুরু
উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট বিতর্কের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে চীনের রাজধানী বেইজিংয়ে ছয় জাতির চতুর্থ রাউন্ডের আলোচনা মঙ্গলবার শুরু হয়েছে।
অর্থনৈতিক সহায়তা ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদানের বিনিময়ে উত্তর কোরিয়াকে তার পারমাণবিক কর্মসূচি ত্যাগে রাজি করানোই আলোচনার প্রধান লক্ষ্য।
প্রায় এক বছরের অচলাবস্থার পর ছয় জাতির আলোচনা শুরু হল। মার্কিন আগ্রাসন নীতির অভিযোগে তৃতীয় রাউন্ডের আলোচনা থেকে পিয়ংইয়ং আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু জুন মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং ইলের সাথে দেখা করার পর কিম কিছু শর্ত পুরণের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান ও দুই কোরিয়াকে নিয়ে গঠিত ছয় জাতির আলোচনায় ফেরার ইঙ্গিত দেন।
এর আগে সোমবার মার্কিন দূত ক্রিস্টোফার হিল উত্তর কোরিয়ার কিম কি-গুয়ানের সাথে একান্ত বৈঠকে মিলিত হন। হোয়াইট হাউজ মুখপাত্র স্কট ম্যাকলিলান বৈঠককে ব্যবসায়িক সুলভ বলে আখ্যায়িত করেছেন।
আলোচনা শুরু হলেও তা থেকে বড় ধরনের কোন ফলাফল কেউই আশা করছেন না। তবে তারা বলেছেন, আগের বারের তুলনায় আলোচনা অনেক বেশি খোলাখুলি হবে। আর সমস্যাগুলোরই কেবল বিস্তারিত আলোচনা হবে বলে তারা জানিয়েছেন।
আলোচনায় মার্কিন প্রতিনিধি বলেছেন, প্রকৃত অগ্রগতি অর্জনের লক্ষ্যেই তিনি আলোচনা শুরু করবেন।
পারমাণবিক কর্মসূচি প্রথমে স্থগিত ও পরে চিরতরে ত্যাগ করার প্রতিশ্রুতির বিনিময়ে উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তি করতে চায়।
