এইডস সচেতনতা বাড়াতে পেপসির প্রতি ভারতের আহ্বান
পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ এইডস/এইচআইভি আক্রান্ত ভারতে সেদেশের সরকার এইডস-বিরোধী জনসচেনতা বাড়াতে বিশ্বখ্যাত কোমল পানীয় কোম্পানি পেপসির শরনাপন্ন হয়েছে।
পেপসি বোতল ও ক্যানে এইডসবিরোধী শ্লোগান অন্তর্ভুক্ত করার মাধ্যমে ঘাতক রোগটির বিরুদ্ধে লড়াইয়ে শরিক হওয়ার সরকার পেপসির প্রতি আহ্বান জানায়। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্র-নিয়ন্ত্রিত জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থার (এনএসিও) মহা পরিচালক এস ওয়াই কোরাইশি জানান, ভারতে এইডস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে যুক্তরাষ্ট্রের কোমল পানীয় কোম্পানি পেপসিকোলার কাছে লিখিতভাবে আহ্বান জানানো হয়েছে। তারাও আমাদের আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে।
মহাপরিচালক কোরাইশি বলেন, ভারতের ৫১ লাখ এইডস রোগীদের মধ্যে ৯০ শতাংশই ১৫ থেকে ৪৯ বছর বয়সী। এই দলটাকে টার্গেট করে কোমল পানীয় বোতল ও ক্যানে এইডস সম্পর্কে শ্লোগান সরবরাহের মাধ্যমে সচেনতা বাড়াতে পেপসির মত কোম্পানিকে ব্যবহার করতে পারি।
এ ব্যাপারে নিউইয়র্ক-ভিত্তিক পেপসিকোলার কাছে থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এনএসিও ভারতজুড়ে এইডস সম্পর্কিত অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সচেতনতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। এনএসিও ইন্ডিয়ান টোবাকো কোম্পানি ও ইউনিলিভারের মতো বহুজাতিক কোম্পানিগুলোকে এইডসবিরোধী সচেতনতায় ব্যাবহার করার চিন্তাভাবনা করছে।
