সবচে বেশি দিন বাঁচে জাপানি নারীরা
জাপানি নারীদের গড় আয়ু ৮৫.৫৯ বছর। একটানা বিশ বছর ধরে এ নিয়ে জাপানি নারীরা প্রত্যাশিত গড় আয়ুর ক্ষেত্রে শীর্ষস্থান দখল করে রয়েছে। জাপান সরকার শুক্রবার এ তথ্য জানায়।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২০০৪ সালে যেসব কন্যাশিশু জাপানে জন্মগ্রহণ করেছে তারা ২০০৩ সালে জন্মগ্রহণকারী কন্যাশিশুদের চেয়ে শতকরা ০.২৬ সময় বেশি বাঁচবে।
অপরদিকে দেশটিতে পুরুষের গড় আয়ু ৭৮.৬৪ বছর। সর্বোচ্চ গড় আয়ুসম্পন্ন আইসল্যান্ডের (৭৮.৮ বছর) পরেই জাপানি পুরুষদের স্থান।
জাপানি নারীরা ১৯৮৫ সাল থেকে গড় আয়ুর দিক থেকে শীর্ষস্থান দখল করে আছে।
গবেষকরা বলেছেন, বেশি বেশি মাছ খাওয়া ও কম চর্বিযুক্ত খাবার গ্রহণের কারণেই জাপানিদের গড় আয়ু এত বেশি।
সরকারের পরিবেশিত পরিসংখ্যান থেকে জানা যায়, ২০০৪ সালে জাপানে ১০০ বছর আয়ুসম্পন্ন জীবিত নারীদের সংখ্যা ২৩,০০০।
