লন্ডনে দ্বিতীয় হামলার ঘটনায় ব্রিটেনের মুসলমানদের মধ্যে শঙ্কা
লন্ডনের পাতাল রেল ও বাসে ৭ জুলাইয়ের আত্মঘাতী বোমা হামলার ঘটনার পর থেকে দারূন মানসিক চাপের মধ্যে থাকা ব্রিটেনের মুসলমানরা বৃহস্পতিবার দ্বিতীয় দফার বিস্ফোরণের ঘটনায় আরও বেশি শঙ্কিত হয়ে পড়েছেন।
লন্ডনের মুসলিম ফোরামের চেয়ারম্যান মঞ্জুর মোঘল বলেছেন, দ্বিতীয় দফার বিস্ফোরণের কারণে ব্রিটেনে সাম্প্রদায়িক সহিংস ঘটনা ঘটতে পারে।
৭ জুলাইয়ের পাতাল রেল ও বাসে চারটি আত্মঘাতী বোমা হামলার পর ব্রিটেনে কমপক্ষে একশ’ সাম্প্রদায়িক হামলার খবর পাওয়া গেছে। এ সময় এক পাকিস্তানি অভিবাসীকে হত্যা, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক ছাত্রকে প্রহারের ঘটনা এবং ব্রিটিশ মসজিদ ও মুসলিম মহিলাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঞ্জুর মোঘল বলেন, মুসলিম সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে বলে আমরা আশংকা করছি।
মুসলিম কাউন্সিল অব ব্রিটেন-এর মুখপাত্র ইনায়েত বাংলাওয়ালা জানান, লন্ডনের হামলার পর থেকে এই দুই সপ্তাহ ব্রিটিশ মুসলমানদের জন্য খুব কঠিন সময় গেছে।
তিনি আরও বলেন, সর্বশেষ বিস্ফোরণের ঘটনার পিছনেও যদি দেখা যায় যে, ব্রিটেনে জন্মগ্রহণকারী মুসলমানরাই দায়ি, তাহলে সেটা মুসলিম সম্প্রদায়কে বাড়তি চাপে ফেলবে।
