মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবিরোধী ‘প্যাট্রিয়ট অ্যাক্টের’ মেয়াদ বাড়ল
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস অনির্দিষ্টকালের জন্য সন্ত্রাসবিরোধী ‘ইউএসএ প্যাট্রিয়ট অ্যাক্ট’-এর মেয়াদ বৃদ্ধির পক্ষে ভোট দিয়েছে।
এছাড়া টেলিফোনে আড়িপাতা এবং লাইব্রেরি ও মেডিকেল রেকর্ড তল্লাশির ব্যাপারে অপর একটি পাসকৃত আইনে গোয়েন্দা সংস্থাগুলোকে দশ বছরের জন্য অনুমতি দেয়া হয়েছে।
লন্ডনের ৭ জুলাইয়ের বোমা হামলার উপর বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনা করে কংগ্রেসের আইন প্রণেতাগণ বৃহস্পতিবার ২৫৭-১৭১ ভোটে প্যাট্রিয়ট অ্যাক্টের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করার ব্যাপারে সম্মত হন। প্যাট্রিয়ট অ্যাক্ট-এর মেয়াদ এ বছরের শেষের দিকে শেষ হওয়ার কথা ছিল।
অ্যাক্টের মেয়াদ বৃদ্ধির পক্ষে ২৫৭ ভোটের মধ্যে ২১৪ রিপাবলিকান সদস্য ও ৪৩ ডেমোক্র্যাট সদস্য ভোট দেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পরপরই প্যাট্রিয়ট অ্যাক্ট পাস করা হয়।
এছাড়া সিনেট জুডিশিয়ারি কমিটি প্যাট্রিয়ট অ্যাক্টের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে তাদের নিজস্ব অনুমোদন দিয়েছে। তবে টেলিফোনে আড়িপাতা এবং লাইব্রেরি ও মেডিকেল রেকর্ড তল্লাশির ব্যাপারে অ্যাক্টে আগামী চার বছরের জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে ক্ষমতা দেয়ার যে সংশোধনী আনা হয়েছে, সে ব্যাপারটি পুনরায় পরীক্ষা করে দেখতে সিনেট কংগ্রেসকে আহ্বান জানিয়েছে। চলতি শরতেই বিলটি পাস হবে।
হোয়াইট হাউজ থেকে প্রকাশিত বিবৃতিতে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলা করা ও মার্কিন জনসাধারণকে তাদের হাত থেকে রক্ষা করার জন্য আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, প্যাট্রিয়ট অ্যাক্ট তারই অংশ।
