২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলাকারীদের লক্ষ্য ছিল মানুষ হত্যা: লন্ডন পুলিশ প্রধান

লন্ডনের পাতাল রেল সিস্টেম ও বাসে বিস্ফোরণের মাধ্যমে হত্যাযজ্ঞ ঘটানোই ছিল বৃহস্পতিবারের হামলার মূল লক্ষ্য। লন্ডন মেট্রোপলিটান পুলিশ প্রধান স্যার ইয়ান ব্লেয়ার এ কথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 08:46 AM

Updated : 26 Apr 2022, 05:54 PM

৭ জুলাই বৃহস্পতিবারের লন্ডনের পাতাল রেল ও বাসে চার আত্মঘাতী বোমা হামলার ঠিক চৌদ্দ দিনের মাথায় এ হামলা চালানো হল। ৭ জুলাইয়ের হামলায় ৫৬ জন নিহত ও কমপক্ষে সাত শতাধিক ব্যক্তি আহত হলেও বৃহস্পতিবারের হামলায় কেউই নিহত হয়নি।

স্কটল্যান্ড ইয়ার্ড সদর দপ্তরের বাইরে সাংবাদিকদের স্যার ইয়ান ব্লেয়ার জানান, সন্ত্রাসীদের হত্যাযজ্ঞের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি আরও জানান, আহতজনের সাথে হামলার সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে।

তিনি বলেন, দুটি হামলার সাথে যোগসূত্র রয়েছে বলে মনে হচ্ছে। তারপরও চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে কোন কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার ভাষায়, ফরেনসিক বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারবেন। হামলায় ব্যবহৃত বেশিরভাগ বিস্ফোরকেরই বিস্ফোরণ ঘটেনি বলে তিনি জানান।

লন্ডনের সর্বশেষ হামলার জন্য স্যার ইয়ান বিশেষ কোন সম্প্রদায়কে দায়ি করেননি। তিনি বলেন, এটা অপরাধীদের কাজ। আর আমরা ওই অপরাধীকেই আটক করতেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।.

বৃহস্পতিবার লন্ডনে লাঞ্চের সময়ে ওয়ারেন স্ট্রিট, ওভাল ও শেফার্ডস বুশ টিউব স্টেশনে স্বয়ংক্রিয় বোমা পেতে রেখে হামলাকারীরা সরে পড়ে বলে পুলিশ ধারণা করছে। অপরদিকে হ্যাকনি রোডে একটি বাসেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চারটি বিস্ফোরণে বড় ধরনের বিস্ফোরক ব্যবহৃত হলেও তা বিস্ফোরিত না হওয়ার কারণে এ হামলায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

এদিকে বিস্ফোরণের সাথে জড়িত থাকার সন্দেহে লন্ডন পুলিশ টোটেনহাম রোড থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলেও তথ্য প্রমাণ না থাকায় তাকে মুক্তি দেয়। অপরদিকে ডাউনিং স্ট্রিট থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ অপর একজনকে আটক করে। পুলিশ এখনও তাকে জেরা করছে। তবে তার সাথে বিস্ফোরণের কোন সম্পর্ক পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।