মুসলিম পবিত্র স্থানগুলোতে বোমা হামলার আহ্বানে মার্কিন রাজনীতিবিদ!
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য টম ট্যানক্রিডো মুসলিম পবিত্র স্থানগুলোতে বোমা হামলার মাধ্যমে ভবিষ্যতে ইসলামী উগ্রবাদীদের যে কোন আত্মঘাতী বোমা হামলার জবাব দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।
ফক্স টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে টম এ কথা বলেন।
এদিকে কাউন্সিল অব আমেরিকান-ইসলামিক রিলেশন্স এক বিবৃতিতে টমের বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করেছে। পাশাপাশি তারা বক্তব্য প্রত্যাহার ও ক্ষমাপ্রার্থনারও দাবি জানিয়েছেন।
কলারোডার কংগ্রেস সদস্য টম ট্যানক্রিডো বলেন, আবার যদি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এবং আমরা যদি প্রমাণ করতে পারি হামলার জন্য ইসলামী উগ্রবাদীরাই দায়ী, তাহলে তাদের পবিত্র স্থানগুলোতে হামলার মাধ্যমে এর জবাব দেয়াকেই আমি যৌক্তিক বলে মনে করি।
টম বলেন, আমরা এমন একটি পরিস্থিতির কথা বলছি, যখন আমাদের জীবন ব্যাপক হুমকির সম্মুখীন। এ হুমকি কেবল মার্কিন নাগরিকদের জন্যই নয়, এটা পশ্চিমা সভ্যতার জন্যও বটে।
এর আগে রেডিও’র সাথে সাক্ষাৎকারে টম ইসলামী উগ্রবাদী হামলার যোগ্য জবাব দিতে মক্কায় বোমা হামলার যে পরিকল্পনার কথা বলেছিলেন, ফক্স টিভির সাথে সাক্ষাৎকারে তা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, প্রয়োজন হলে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত হবে মক্কার পবিত্র স্থানগুলোতে বোমা হামলা করা।
তিনি বলেন, প্রতিদিনই আমরা উগ্রবাদী ইসলামের হুমকির সম্মুখীন হচ্ছি। প্রতিদিনই আমরা নতুন নতুন গল্প শুনি। মসজিদের ইমামরা তার চেয়েও আক্রমণাত্মক ভাষায় পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে বিষোদগার করে বলে তিনি জানান। তার ভাষায়, বিশ্বের নানা দেশে ছড়িয়ে থাকা মাদ্রাসাগুলো ভবিষ্যত সন্ত্রাসের ক্ষেত্র ছাড়া আর নয়। ঐ সব মাদ্রাসা বন্ধ করে দিতে তিনি উদারপন্থি মুসলিমদের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, উদারপন্থি ইসলাম যদি টিকে থাকতে চায়, তাহলে তাদের উগ্রবাদী ইসলামীদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে হবে। উগ্রবাদের সমস্যাটি ইসলামেই নিহিত। আর তাই ইসলামকেই তা নির্মূলে কাজ করতে হবে।
