সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে রবার্টকে মনোনয়ন দিলেন বুশ
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আপিল কোর্টের বিচারক রক্ষণশীল জন রবার্টকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে প্রথম মনোনয়ন দিয়েছেন।
বিদায়ী বিচারক সান্দ্রা ডে-এর স্থলে একজন মহিলা বিচারককে নিয়োগ দেয়ার জন্য রিপাবলিকান সদস্যরা এমনকি ফার্স্ট লেডি লরা বুশ চাপ সৃষ্টি করার পরও বুশ রবার্টকে মনোনয়ন দিলেন। এরফলে ডানপন্থী প্যানেলে বিভক্তি ও ক্ষোভ প্রকাশ পেয়েছে।
পঞ্চাশ বছর বয়সী রবার্ট একসময় প্রধান বিচারপতি উইলিয়াম রেনকুইস্ট-এর দফতরে কারণিকের কাজ করতেন। প্রেসিডেন্ট রিগ্যানের বিচার বিভাগেও তিনি ছিলেন। এছাড়া প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রথমবার হোয়াইট হাউজে বসার পর রবার্ট তার প্রশাসনে ডেপুটি সলিসিটর জেনারেল পদে দায়িত্ব পালন করেন।
লিবারেল ডেমোক্র্যাটরা রবার্টের অতীত রেকর্ড ঘেটে সন্দেহ করছেন যে, উদার রক্ষণশীল হিসেবে রর্বাটের সুখ্যাতি থাকলেও তিনি চরম ডানে ঝুঁকবেন।
সিনেটের বিরোধিতা সত্ত্বেও ২০০৩ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া জেলার সার্কিট কোর্টের আপিল বিভাগে তিনি যোগ দেওয়ার সুযোগ পান। কিউবা উপকূলের গুয়ান্তানামো বে-তে সামরিক ট্রাইব্যুনাল অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষে যে রুলিং এসেছে সেই তিন সদস্যের বিচারক প্যানেলে রবার্টও ছিলেন।
সুপ্রিম কোর্টের শূন্য হতে যাওয়া এ পদটির জন্য আগ্রহী রাজনৈতিক ডান ও বামপন্থীরা তৎপরতা চালিয়ে আসছিল। হোয়াইট হাউজের মুখপাত্র স্কট ম্যাকক্লিলান বলেন, “রবার্টকে প্রধান বিচারপতি পদে মনোয়নের সিদ্ধান্ত প্রেসিডেন্টই নিয়েছেন।” সেপ্টেম্বরে সিনেট সদস্যদের শুনানিতে রবার্টের নিয়োগ নিশ্চিত করা হবে। পরবর্তী সেশনের কোর্ট অক্টোবরে চালু হবে।
