২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে এইডস রোগীদের বিনামূল্যে ভেষজ চিকিৎসা

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সানজি প্রদেশ ৫০ জন এইডস রোগী এবং এইচআইভি ভাইরাস বহনকারীদের বিনামূল্যে ভেষজ চিকিৎসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী একবছর এ চিকিৎসা দেয়া হবে বলে প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 10:36 AM

Updated : 26 Apr 2022, 05:53 PM

সানজি’র প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এইচআইভি/এইডস প্রতিরোধ ও আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রাদেশিক সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে চীনের ঐতিহ্যবাহী ভেষজ চিকিৎসা দেয়া হবে। বিভিন্ন ভাইরাস ও রোগের বিরুদ্ধে চীনের ভেষজ থেরাপি কার্যকর চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃতি পেয়েছে।

প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অব ট্রাডিশনাল চাইনিজ মেডিসিন অধিদপ্তরের ডেপুটি পরিচালক ইউয়ান রুইহুয়া জানান, জুলাইয়ের শেষের দিকে বিনামূল্যে চিকিৎসা দেয়ার প্রক্রিয়া শুরু হবে। এই চিকিৎসা নেয়ার ফলে এইডস রোগীরা উপকৃত হবেন। পাশাপাশি এইচআইভি ভাইরাস এইডসে রূপান্তরিত হবার প্রক্রিয়া স্থগিত রাখতেও ভেষজ ভূমিকা রাখতে পারে বলে রুইহুয়া বলেন।

আগামী বার মাসের কর্মসূচিতে ২৫০,০০০ ইউয়ান (৩০,০০০ মার্কিন ডলার) ব্যয় হবে বলে রুইহুয়া জানান।

চীনের বিভিন্ন প্রদেশে এইডসবিরোধী ঔষধ হিসেবে ভেষজ থেরাপি বেশ জনপ্রিয়।

প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান মতে, প্রদেশে ৩৫৭ জন এইডস রোগী অথবা এইচআইভি ভাইরাস বহনকারী ব্যক্তি রয়েছেন। আর চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান মতে, চীনের কমপক্ষে ৮৪০,০০০ জন লোক এইচআইভি ভাইরাস বহন করছেন। তাদের মধ্যে ৮০,০০০ হাজার এইডস রোগী।