২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তচাপ কমাতে চকলেট

গাঢ় চকলেট যে কেবল রসনাকেই তৃপ্ত করে তা নয়, গবেষকরা সোমবার এক রিপোর্টে জানিয়েছেন এর ব্যবহারের ফলে শরীরের রক্তচাপ কমে আসে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 03:36 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

আমেরিকা হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণায় দেখা যায়, চকলেট তৈরিতে সুগন্ধীকরণের যেসব উপকরণ ব্যবহার করা হয়, তা রক্তের শিরা-উপশিরাকে স্বাভাবিক কাজকর্ম অতি সহজে করতে সাহায্য করে। এর ফলে স্বভাবতই হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে আসে।

পূর্বের বিভিন্ন সমীক্ষায় দেখানো হয়েছে, সুগন্ধীযুক্ত উন্নত খাবার বিশেষ করে ফলমূল, শাকসব্জী, চা, রেড ওয়াইন এবং চকলেট জাতীয় জিনিস খেলে হৃদযন্ত্রের উপকার হয়। কিন্ত বোস্টনের টাফট বিশ্ববিদ্যালয়ের গবেষক জেফ্রি ব্লামবার্গ বলেন, এই প্রথম ক্লিনিক্যাল পরীক্ষায় প্রমাণিত হলো, যারা হাইপারটেনশনে ভোগেন, তারা গাঢ় চকলেট খেলে রক্তচাপ নিচে নেমে আসে। তবে অতিরিক্ত চকলেট শরীরের জন্যে ক্ষতিকর। কেননা এতে রয়েছে বাড়তি ফ্যাট, সুগার এবং ক্যালরি।

তবে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের শুধু চকলেটের ওপর নির্ভর না করে নিয়মিত ঔষধ সেবন ও ব্যায়াম অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন গবেষকরা।