২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু সহযোগিতা জোরদারে যুক্তরাষ্ট্র-ভারত মতৈক্য

ভারত ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি ইস্যুতে পারস্পরিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে। সোমবার ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট বুশ এই ঘোষণা দেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 12:15 AM

Updated : 26 Apr 2022, 05:53 PM

হোয়াইট হাউজে দু’নেতার মধ্যে দু’ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক চলে। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

আলোচনা শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বুশ বলেন, দু’দেশের মধ্যকার সম্পর্ক কখনোই যথেষ্ট জোরদার ছিলো না। এখন এক্ষেত্রে অগ্রগতি ঘটছে।

মনমোহন সিং সন্ত্রাসবাদ বিরোধী মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধ সমর্থনে বক্তব্য রাখেন । তিনি পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণের প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

জাতিসংঘের সংস্কারের প্রয়োজনের ওপরও জোর দেন মনমোহন ।

ভারতের প্রধানমন্ত্রী জানান, বুশের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। বুশ শিগগিরই ভারত সফর করতে রাজি হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় বুশের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন।

মনমোহন বলেন, গূরুত্বপূর্ণ এই ইস্যুতে বুশের জোরালো নেতৃত্ব আমাদের কাছে পছন্দনীয়।

বুশ বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি ও শান্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভারতের সাথে জোরালো যোগাযোগ প্রতিষ্ঠায় আগ্রহী।

তিনদিনের রাষ্ট্রীয় সফরের শুরুতে হোয়াইট হাউজের লনে মনমোহন এবং তার পত্নী গুরশরণ কাউরকে স্বাগত জানিয়ে বুশ বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার সম্পর্ক জোরদার হচ্ছে । তিনি বলেন, আমরা অর্থনৈতিক উন্নয়ন , শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতে ইচ্ছুক।