২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়াঁদাদের ছেলে ও দাউদের মেয়ের বিবাহত্তোর সংবর্ধনাকে ঘিরে দুবাইয়ে নিরাপত্তা তৎপরতা

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা জাভেদ মিয়াঁদাদের ছেলে জুনায়েদের সাথে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের মেয়ে মাহরুখের বহুল আলোচিত বিয়ে ৯ জুলাই সম্পন্ন হয়েছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 12:48 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

এখন চলছে দুবাইয়ে বিবাহত্তোর সংবর্ধনার প্রস্তুতি। ভারতের দামি ক্রিকেট তারকা, বলিউড অভিনেতা-অভিনেত্রী, এমনকি শিবসেনা নেতা বাল থ্যাকারও আমন্ত্রণের তালিকা থেকে বাদ যাননি। আমন্ত্রিতদের তালিকায় আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন গ্যাং নেতাদের নামও রয়েছে। ভারত এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো তীক্ষè নজর রাখছে এ অনুষ্ঠানের দিকে। সংযুক্ত আরব আমিরাতের ওপর বাড়ছে চাপ।

তবে সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, রবি শাস্ত্রী, ভেংসরকার, জগমোহন ডালমিয়া, অভিনেতা দিলীপ কুমার কিংবা বাল থ্যাকারে এ আমন্ত্রণ রক্ষার ব্যাপারে সাংবাদিকদের কাছে মুখ খুলতে চাচ্ছেন না। তবে তাদের অধিকাংশই উপস্থিত থাকবেন না বলে জানা গেছে। ভারত এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ অনুষ্ঠানের সার্বিক আয়োজন নজরদারিতে রেখেছে।

ওয়াশিংটনের শীর্ষ সন্ত্রাসী তালিকায় দাউদের নাম থাকায় এবং তার প্রতিপক্ষ ছোটা রাজনের হামলার হুমকি থাকায় দাউদ সংবর্ধনা অনুষ্ঠানে থাকবে না বলে জানিয়েছে দাউদ ইব্রাহিমের ব্যবসা প্রতিষ্ঠান ডি-কোম্পানীর লোকজন।

জুনায়েদ এবং মাহরুখের বিয়ে হয়েছে সৌদি আরবের মক্কায়। সেসময় দাউদের আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধব পাকিস্তান থেকে উড়ে গিয়েছিল বিয়েতে যোগ দিতে। দুবাইয়ের ডেরায় হোটেল রোলায় বিবাহত্তোর সংবর্ধনায় পকিস্তানের এক ঝাঁক অতিথি যোগ দেবেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী এবং উচ্চ পর্যায়ের বেশ কজন ব্যক্তি।

মূল পরিকল্পনা অনুযায়ী, দাউদের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব বিমানযোগে রিয়াদ হয়ে দুবাই পৌঁছবেন। সবকিছুর দায়িত্বে রয়েছে মাফিয়া ডনের দুভাই আনিস এবং নূরা। দাউদ অবশ্য সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশে ১৫ জুলাই করাচী ছেড়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে দাউদ উপস্থিত না থাকলেও বিশেষ অতিথিদের সাথে ভিন্নভাবে মিলিত হবেন। তার সঙ্গে পাকিস্তানের সাবেক সেনা কর্মকর্তা আব্দুর ওয়ালি এবং তারিক হামিদ থাকবেন বলে সূত্র জানায়। সম্পূর্ণ অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকবে তার দুই সহযোগী ছোটা শাকিল এবং জামাল ওরফে টাইগার মেমন।

ডকল্যান্ডের হোটেল ব্যবসায়ী যুক্তরাজ্যভিত্তিক আন্ডারওয়ার্ল্ড ডন ইকবাল মির্চিকেও সংবর্ধনা অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়েছে। ডি-কোম্পানী ইতোমধ্যে হাজি ইব্রাহিম এবং শোয়েব খানের মতো মাফিয়া গ্রুপের সাথে সফল শান্তি আলোচনা করেছে।

কিন্ত ভারত এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার চাপের মুখে দুবাইয়ে ডন সম্রাটদের মিলনমেলার ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতের উদাসীন থাকার কোনও সুযোগ নেই। ভারত এবং আমিরাতের গোয়েন্দা সংস্থা ভারতীয় আন্ডারওয়ার্ল্ড অপরাধীদের ধরার ব্যাপারে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে।