ঘুমহীন মানুষের দেশ আমেরিকা!
একজন মানুষের রাতে সাত থেকে নয় ঘন্টা ঘুমানো উচিত বলে চিকিৎসকরা উপদেশ দিয়ে থাকেন। কিন্তু ‘সব পেয়েছির দেশ’ আমেরিকায় এরকমটি সাধারণত দেখা যায় না।
তারা রাতে সাত আট ঘন্টা ঘুমানোর চেয়ে জেগে থাকতেই বেশি পছন্দ করে। আর এ কারণেই রাতে কম ঘুমানোদের আচরণ বিরক্তিকর, কোন কিছুতে মনোযোগ আনতে তাদের সমস্যা হয় এবং দিনে তারা ঘুম ঘুম বোধ করেন।
ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন সম্প্রতি ১,৫০০ প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর এক জরিপে পরিচালনা করে। জরিপ থেকে জানা যায়, প্রায় ৫৪ শতাংশ আমেরিকান বেশ কয়েক রাত অনিদ্রা রোগে ভুগেছেন। এদের মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি বলেছেন, একটি অস্বচ্ছন্দবোধ নিয়ে তারা রাতে জেগে থাকেন। দুই-তৃতীয়াংশ বলেছেন, ঘুম না আসায় তারা অনেক রাত পর্যন্ত জেগে থাকেন।
কিসের প্রভাবে একটি জাতি রাতে কম ঘুমানো শুরু করলো-এ প্রসঙ্গে ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান ও ঘুমের ঔষধ বিষয়ের অধ্যাপক ও স্টানফোর্ড স্লিপ ডিজঅর্ডার্স ক্লিনিকের পরিচালক ড. উইলিয়াম সি ডিমেন্ট বলেন, উত্তরটা খুব সহজ। এটা পুরোটাই মানসিক ব্যাপার।
ড. উইলিয়াম ব্যাখ্যা দেন, মানুষের ঘুমবঞ্চিতের বিষয়টি ঐচ্ছিক এবং এটা পরিবেশ দ্বারাই আরোপিত হয়ে থাকে। বিষয়টি আরও সহজ করে তিনি বলেন, যারা স্কুল অথবা কর্মক্ষেত্রের চাহিদা মেটানোর জন্য রাতে বেশি সময় ধরে কাজ করেন তাদের ক্ষেত্রে এ সমস্যা দেখা দেবে।
জরিপে দেখা গেছে, অপর্যাপ্ত ঘুম শুধু দিনে নিদ্রালু ভাবই আনে না, স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য তা হুমকি হয়ে দাঁড়ায়। কম ঘুমের কারণে হাইপারটেনশন ও স্ট্রোকের মতো দুর্ঘটনাও ঘটতে পারে বলে জরিপে বলা হয়েছে। এ সম্ভাবনা প্রতি চারজনে একজনের। তাদের ৬৪ ভাগ জানিয়েছেন, গাড়ি চালানোর সময় তারা তন্দ্রা বোধ করেন। আর শতকরা চারজন বলেছেন, নিদ্রালু ভাবের কারণে তারা বেশ কয়েকবার দুর্ঘটনায় পড়েছেন এবং সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন।
উইলিয়াম বলেন, আমরা যে পরিসংখ্যান পেয়েছি, তাতে বিষয়টি উদ্বেগের। আর এ কারণেই জনগণের মাঝে ঘুম বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য একটি ঘুম শিক্ষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন এবং তা বিবেচনা করার জন্য তিনি তাদের প্রভাবিত করার চেষ্টা করছেন বলে উইলিয়াম উল্লেখ করেন। তার ভাষায়, একজন মানুষের কতক্ষণ ঘুমানো উচিত ও কম ঘুমানোর কারণে তাদের যে মূল্য দিতে হয়, সে বিষয়ে তাদের সচেতনতার অভাব রয়েছে।
অবশ্য নিউইয়র্কের ঘুম গবেষণা ল্যাবরেটরি ও বিহেভিয়োরাল স্লিপ মেডিসিন সার্র্ভিসের পরিচালক মাইকেল পারলিস মার্কিনীরা সব সময় ঘুমঘুম বোধ করে-এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, পরিবেশিত জরিপে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের অনুপস্থিতি রয়েছে। তার ভাষায়, অনিদ্রা কারো কারো জন্য কখনো কখনো আশীর্বাদপুষ্ট হতে পারে। বিশেষ করে যাদের কোন একটি কাজ ওই রাতের মধ্যেই শেষ করতে হবে।
মাইকেল আরও বলেন, বেশি ঘুম অনেক সময় অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। তবে পরপর কয়েক রাত অনিদ্রা হলে তার চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
