২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গেরিলা প্রতিরোধ বৈধ: আল সদর

ইরাকের শিয়া ধর্মাবলম্বী তরুণ নেতা মুক্তাদা আল-সদর বলেছেন, ‘সশস্ত্র প্রতিরোধ বৈধ।’ সোমবার বিবিসি’র নিউজ নাইটের সাথে এক সাক্ষাৎকারে সদর এ কথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 01:27 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

আল-সদর বলেন, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশও আমার সাথে একমত হবেন, যে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অবশ্যই সঠিক কাজ। অবশ্য মার্কিন বাহিনীর বিরুদ্ধে গেরিলা তৎপরতা পরিচালনা থেকে বিরত থাকার জন্য ইরাকিদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।

সদর বলেন, ধর্মীয়, বুদ্ধিগত অথবা অন্য যেভাবেই হোক না কেন, প্রতিরোধ সব পর্যায়েই বৈধ। মার্কিন প্রেসিডেন্ট বুশও এ ধারণাকে স্বীকার করেন। তার ভাষায়, আমার দেশ দখল হয়ে গেলে, আমি অবশ্যই লড়াই করবো।

সাক্ষাৎকারে সদর বলেন, ইরাকের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠনের উপর তিনি কোনও হস্তক্ষেপ করবেন না। তার ভাষায়, সরকার গঠনে যে অংশগ্রহণ করতে চায়, তাকে তা করতে দেয়া উচিত।

নিকট অতীতে ইরাকে দখলদারিত্বের অবসানের জন্য সদর দখলদার বাহিনীর বিরুদ্ধে জাতীয়ভাবে সর্বাত্মক বিদ্রোহ ঘোষণা করার আহ্বান জানিয়েছিলেন। শুধু তাই নয়, সদর তার অনুগত মাহদি আর্মিকে দখলদার বাহিনী ও ইরাকি পুলিশকে মোকাবিলা করার অনুমতি দিয়েছিলেন।

সদর বলেন, আমি বিশ্বাস করি আমেরিকা প্রতিরোধ মোকাবিলা করতে চায় না। আর তাই ইরাকি জনসাধারণকে উত্তেজিত করা থেকে বিরত থাকতে ইরাকি পুলিশ ও সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। তার ভাষায়, এটা ইরাকের জন্য মঙ্গলজনক হবে না।

তিনি আরও বলেন, পশ্চিমা ও দখলদার বাহিনীর ষড়যন্ত্র থেকে নিজেদের দূরে থাকার জন্য আমি ইরাকি জনগণের প্রতিও আহ্বান জানাচ্ছি।

ইরাকের বর্তমান সমস্যা ও সংকটের জন্য দখলদার বাহিনীর উপস্থিতিই দায়ি বলে সদর যুক্তি দেখান। তিনি বলেন, দখলদারিত্ব নিজেই একটি সমস্যা। ইরাকের পরাধীনতাও একটি সমস্যা। সম্প্রদায়গত দ্বন্দ্ব থেকে শুরু করে গৃহযুদ্ধ পর্যন্ত ইরাকে যত সমস্যা রয়েছে, তার মূলে রয়েছে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি।

আগামী ১৫ আগস্ট ইরাকের নতুন সংবিধান প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে সদর বলেন, নতুন সংবিধানের খসড়া প্রণয়নে তিনি কোন ভূমিকা রাখবেন না। এছাড়া ইরাকে যতদিন মার্কিন উপস্থিতি থাকবে ততদিন তিনি আনুষ্ঠানিকভাবে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না।

সদর বলেন, ব্যক্তিগতভাবে আমি কোনও কিছুতে হস্তক্ষেপ করব না। আমার মতে, আমাদের সংবিধান হচ্ছে কোরআন ও হাদিস।

এই সাক্ষাৎকারটিই পশ্চিমা মিডিয়ার কাছে দেয়া প্রথম কোনও সাক্ষাৎকার। প্রায় দুই সপ্তাহ আগে এটি ধারণ করা হয়।