পরলোকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, বিস্তারিত
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের অগ্রদূত এডওয়ার্ড হিথ রোববার ৮৯ বছর বয়সে মৃত্যুবরন করেছেন। ১৯৭০-১৯৭৪ পর্যন্ত তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর মধ্য-ডান রক্ষণশীল দলের “আয়রন লেডি” মার্গারেট থ্যাচার তাকে সরিয়ে ক্ষমতায় বসেন এবং পরপর তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
হিথ রাজনৈতিকভাবে থ্যাচারকে কখনও সহ্য করতে পারেননি এবং তীব্র সমালোচনা করলেও মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন থ্যাচার।
থ্যাচার বলেন, ‘হিথ ছিলেন প্রথম আধুনিক রক্ষণশীল নেতা। তার অতীত ছিল যেমন উজ্জ্বল তেমনি গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে তিনি ছিলেন সোচ্চার।
প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার হিথের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, হিথ ছিলেন সংহতির প্রতীক। তিনি যা বিশ্বাস করতেন তার পক্ষে দৃঢ় অবস্থান নিতেন। সেখান থেকে তাকে টলানো যেত না। উঁচুমানের একজন বিদগ্ধ রাজনৈতিক নেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তাকে সবাই স্মরণ করবে।
প্রধানমন্ত্রী হিথ ১৯৭৩ সালে ইউরোপীয় অর্থনৈতিক কমিউনিটিতে প্রবেশের জন্য আলোচনার সূচনা করেন। কিন্ত অর্থনৈতিক সমস্যা এবং ধারাবাহিক ধর্মঘটের কারণে তার এই সাফল্য ম্লান হয়ে যায়। কয়লা খনিতে ধর্মঘটের কারণে জ্বালানি বাঁচানোর জন্য সপ্তাহে মাত্র তিনদিন ব্রিটিশ কলকারখানা সচল রাখার নির্দেশ দেয়া হয়। ১৯৭৪ সালে জাতীয় নির্বাচনে তাকে পরাজিত করে শ্রমিক নেতা হ্যারল্ড উইলসন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
হিথের এক সময়কার শিক্ষা সচিব মার্গারেট থ্যাচার তাকে অপসারণ করে রক্ষণশীল দলের নেতৃত্ব ছিনিয়ে নেন। থ্যাচার সম্বদ্ধে হিথ পরে বলেন, এই মহিলা যা করেছে সবই ভুল ছিল। তার দ্বারা কোনও একটি ভাল কাজ হয়েছে তা আমার জানা নেই।
হিথ ১৯১৬ সালের ৯ জুলাই ব্রডস্টেয়ারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন একজন কাঠমিস্ত্রি। অক্সফোর্ডের ব্যালিওল কলেজে হিথ নিজেকে একজন স্কলার হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। তিনি ছিলেন অবিবাহিত এবং সঙ্গীত অনুরাগী ও ক্রীড়াবিদ।
