স্পেনে অগ্নিকাণ্ডে ১৪ অগ্নিনির্বাপক কর্মীর মৃত্যু
স্পেনের কেন্দ্রীয় প্রদেশ গুয়াদালাজারায় জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১৪ স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছে।
স্পেনের কাস্টিলা-লা মাঞ্চা অঞ্চলের পরিবেশ বিষয়ক প্রধান রোজারিও আরিভালো রোববার এ তথ্য জানান।
তবে সরকারি কর্মকর্তারা বলছেন, গুয়াদালাজারায় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যে দুটি দলকে পাঠানো হয়েছে, মৃত উদ্ধারকর্মীরা সে দলের কোনটিরই সদস্য নয়। নিহতদের পরিচয় জানা যায়নি।
গুয়াদালাজারার কিউভা ডি লস কাসারেস পাইন বনে শনিবার আগুন লাগে। আগুন এখনো জ্বলছে। ইতোমধ্যে জঙ্গলের প্রায় পাঁচ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। মাংস ঝলসানোর আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরবর্তীতে প্রবল বাতাসে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
নিহত উদ্ধারকর্মীরা যে যান দুটি ব্যবহার করেছে, সেটিও সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের লেলিহান শিখা ৪০ মিটার পর্যন্ত উঠেছে বলে জানা গেছে। এলাকার সকল অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে তথ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান।
মুখপাত্র বলেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আর তাই স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি জরুরি ইউনিট খোলা হয়েছে। আগুন নেভাতে যে ১৫০ উদ্ধারকর্মী কাজ করছে, তাদের সহযোগিতা করা জন্য পানির প্লেন ও হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এদিকে আগুন নেভাতে সরকারের তৎপরতার ঘাটতি থাকায় স্পেনের আলকোলিয়া ডেল পিনার শহরে উপ-প্রধানমন্ত্রী মারিয়া তেরেসা ফার্নান্দেজ উপস্থিত হলে উপস্থিত জনতা বিক্ষোভ প্রদর্শন করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
