দুবাইয়ের মসজিদেও জুতা চোর!
জুতা চোরের উপদ্রব কেবল বাংলাদেশের মসজিদগুলোতেই নয়, দুবাইয়েও ক্রমেই বাড়ছে জুতা চোরের সংখ্যা। প্রায়ই দেখা যায় নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে জুতা খুঁজে পান না ধর্মপ্রাণ মুসল্লীরা।
মুসল্লীদের জুতা চুরি ঠেকাতে দুবাই সরকার মসজিদের সামনে বসিয়েছে পুলিশী পাহারা।
জুতা চোরের উপদ্রব ছড়িয়ে পড়েছে দুবাইয়ের নিকটবর্তী শারজাতেও। এখানকার বিভিন্ন থানায় এ পর্যন্ত জুতা চুরির উপর ৪০টিরও বেশি অভিযোগ করা হয়েছে।
সম্প্রতি হাতে-নাতে এক চোরকে ধরার পর পুলিশ জানতে পেরেছে, চুরির পর ওমানে জুতা প্রস্তুতকারকদের কাছে সেগুলো বিক্রি করা হয়। তারপর সেই জুতার ডিজাইনের মত জুতা বানিয়ে আসল দামের চেয়ে কম দামে বিক্রি করা হয় বিদেশী মার্কেটে। প্রতি জুতার জন্য চোররা পেয়ে থাকে ৫০ দিরহাম।
অবশ্য সব জুতা নয়, চোররা মূলত দামী ও নজরকাড়া ডিজাইনের জুতা, বিশেষ করে যেগুলো সংযুক্ত আরব আমিরাতের বাজারে পাওয়া যায় না, সেগুলোই চুরি করে থাকে। পুলিশী প্রহরার পাশাপাশি মসজিদের ইমামদেরও মসজিদের প্রবেশ পথে লকারসহ জুতা রাখার বাক্স তৈরির জন্য পরামর্শ দেয়া হয়েছে। শুধু তাই নয়, নামাজীদেরও দামী জুতা পরে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে।
