কাতারে প্রথমবারের মতো উটের জকি হিসেবে রোবটের ব্যবহার
কাতারের রাজধানী দোহায় উটের দৌড় প্রতিযোগিতায় প্রথমবারের মতো জকি হিসেবে রোবট ব্যবহার শুরু হয়েছে। এর আগে শিশুদেরকেই উটের জকি হিসেবে ব্যবহার করা হত।
গত ১৭ মে দেশটিতে জকি হিসেবে শিশুদের ব্যাবহার নিষিদ্ধ হয়। পরীক্ষামূলকভাবে জকি হিসেবে রোবটের এ ব্যবহার বেশ সফল হয়েছে। আগামী অক্টোবরে দোহাতে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খবর বার্তা সংস্থার।
শত শত দর্শকের উপস্থিতিতে শাহানিয়া উটের দৌড়ের ট্রাকে ৭টি উট রোবট দ্বারা পরিচালিত হয়। ট্র্যাকের বাইরে থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এদেরকে নিয়ন্ত্রণ করা হয়। সাধারণ জনগণ, প্রতিযোগী স্টাফ এবং উটের মালিকরা নতুন কায়দায় এই প্রতিযোগিতায় রোবট প্রযুক্তি ব্যবহার করতে পারবে।
রোবট জকির উদ্যোক্তা আলেজান্দ্রা কলোট বলেন, অন্যান্য দেশ এ প্রযুক্তি ব্যবহারে বেশ আগ্রহ দেখিয়েছে। কাতার এ মেশিন বাজারজাতকরনের স্বত্ব কিনে নিয়েছে।
সুইস কোম্পানির কাছে কাতার ইতোমধ্যে ১৫০টি রোবট ক্রয়ের অর্ডার দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ওমান রোবট জকির প্রতি প্রচ- আগ্রহ দেখিয়েছে। কাতারের কাছ থেকে রোবট ভাড়া কিংবা ক্রয় করার সুযোগ পাবে অন্যরাও।
