যুক্তরাষ্ট্রের প্রতি চীনের পারমাণবিক হুমকি
তাইওয়ানকে ঘিরে জটিলতায় ওয়াশিংটন যদি চীনকে আক্রমণ করে বসে তাহলে যুক্তরাষ্ট্রের ওপর পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না চীন। দেশটির একজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তা এই সতর্কবাণী উচ্চারণ করেন।
পিপলস লিবারেশন আর্মির জেনারেল ঝু চেংহু অবশ্য বলেন, এটা তার ব্যক্তিগত অভিমত এবং যুক্তরাষ্ট্রের সাথে কোন প্রকার সংঘাতে জড়াতেও চাননা। তবে হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার ছাড়া চীনের আর কোনও বিকল্প নেই। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তিনি বিদেশী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, ‘ওয়াশিংটন যদি চীনের লক্ষ্যবস্তুর দিকে তাদের মিসাইল এবং ক্ষেপণাস্ত্র তাক করে তাহলে পারমাণবিক শক্তি দিয়ে আমাদেরকে তা মোকাবেলা করতে হবে।’
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, সরকারের পক্ষ থেকে জেনারেল এ বক্তব্য দেননি। মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে মুখ খুলতে রাজি হয়নি।
চীন ১৯৬৪ সালে প্রথম পারমানবিক বোমার পরীক্ষা চালায়। কখনও পারমাণবিক হামলার শিকার না হলে এ ধরনের অস্ত্র চীন ব্যবহার করবে না বলে নীতিগতভাবে অঙ্গীকারাবদ্ধ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এ মাসের শুরুতে চীন সফরকালে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাইওয়ানকে নিয়ে বিতর্কের যে স্থিতাবস্থা রয়েছে এককভাবে তার কোনও পরিবর্তন করা যাবে না।
