পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়ে গেছে, আহত এক হাজার
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে বুধবার ভোরে বড় ধরনের এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে একশ’ ৫০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা তিনশ’ ছাড়িয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এছাড়াও দুর্ঘটনায় আরও এক হাজার লোক আহত হয়েছে বলে জানা গেছে এবং যাত্রীদের অনেকেই এখনও বিধ্বস্ত ট্রেনগুলোতে আটকা পড়ে আছে।
এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ও প্রধানমন্ত্রী শওকত আজিজ দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে দ্রুত তদন্তের আদেশ দিয়েছেন।
পাকিস্তান রেলওয়ের কন্ট্রোলার আব্দুল আজিজ জানান, দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের ঘোটকি শহরের কাছে বুধবার স্থানীয় সময় ভোর ৪ টায় স্থানীয় এক স্টেশনে যাত্রিবাহী তিনটি ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রথমে দুটি টেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এর পরপরই তৃতীয় আরও একটি ট্রেন সংঘর্ষ কবলিত ট্রেনগুলোর ওপর এসে ধাক্কা খায়। এ ঘটনায় একটি ট্রেনের ১৯ টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। তিনি আরও জানান, এ পর্যন্ত ১২০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান আগা মোহাম্মদ বলেন, দুর্ঘটনার পর ওই স্থানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে। আর অনেক লোক পড়ে যাওয়া বগির ভিতরে আটকে রয়েছে বলে তিনি জানান।
উগ্র জাতীয়তাবাদী উপজাতিসহ পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিরোধী শক্তি অতীতে বহুবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলের ট্রেনে বিভিন্নভাবে হামলা চালিয়েছে। এ ঘটনার নেপথ্যে তেমন কোনও ব্যাপার আছে কি-না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, এত দ্রুত দুর্ঘটনার কারণ চিহ্নিত করা সম্ভব নয়।
আর ঘোটকি পুলিশ প্রধান আগা মোহাম্মদ তাহির জানিয়েছেন, আমার মনে হয় যান্ত্রিক কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
এদিকে পাকিস্তান রেলওয়ে চেয়ারম্যান শাকিল দুরানি এবং রেলওয়ের অন্যান্য সূত্রে জানা গেছে, লাহোর থেকে ছেড়ে আসা করাচি এক্সপ্রেসের চালক ট্রেনের সিগনাল পড়তে ভুল করলে করাচি এক্সপ্রেস ঘোটকির শারহাদ স্টেশনে দাঁড়িয়ে থাকা কুয়েটা এক্সপ্রেসে এসে ধাক্কা খায়। তৃতীয় ট্রেনটি আবার এদের ওপর ঝাঁপিয়ে পড়লে এক ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হয়।
১৯৯১ সালে ঘোটকিতে একটি যাত্রিবাহী ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে সরকারি হিসেবে ৫০ জন নিহত হয়। এছাড়া মাত্র এক বছর আগেও ঘোটকির সানগিতে আরও একটি ট্রেন দুর্ঘটনায় তিনশ’ ৫০ জন নিহত হয়। ওই দুর্ঘটনায় আরও সাতশ’ জন আহত হয়েছিল।
