২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার প্রযুক্তিগত শিক্ষা বিকাশে প্রবাসীরাই অগ্রদূত

সিনগাম থিপানের পড়াশুনা অষ্টম গ্রেডেই শেষ করে দিয়েছিল গৃহযুদ্ধ। পায়ে বুলেট বিদ্ধ হওয়ার কারণে তার পাটা কেটে ফেলতে হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 01:48 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

কিন্তু না, তার ভবিষ্যত শেষ হয়ে যায়নি। বিদেশী প্রকৌশলী ও বিজ্ঞানীদের দ্বারা দেশের মাটিতে প্রতিষ্ঠিত প্রযুক্তি ইন্সটিটিউশনে ভর্তি হয়ে থিপান নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।

প্রযুক্তিগত শিক্ষা বিকাশে প্রবাসী শ্রীলঙ্কানদের অবদানের কারণে তার সে স্বপ্ন পূরণ হতে চলেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে  প্রবাসী শ্রীলঙ্কানরা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিলিকন ভ্যালি থেকে এসে উত্তর-পূর্বাঞ্চলীয় ভান্নি জেলার বিচ্ছিন্ন এক জায়গায় প্রতিষ্ঠিত করে ভান্নি ইন্সটিটিউট অব টেকনোলজি।

ভান্নি ইনস্টিটিউটে ভর্তি হওয়ার দু’বছর আগে থিপান কম্পিউটার কি জিনিস তা জানতো না। আর এখন সে বিশ্ববিদ্যালয়ের কোর্সের আদলে ইলেক্ট্রনিক্স, সফ্টওয়্যার ডেভেলপমেন্ট, ডাটাবেস ম্যানেজমেন্টসহ অন্যান্য কম্পিটার সম্পর্কিত কোর্সগুলো সম্পন্ন করছে। অবশ্য এখানে ভর্তি হওয়ার আগে তাকে ইংরেজি ভাষাতে দক্ষতা অর্জন করতে হয়েছে। কেননা, ইন্সটিটিউটের পড়াশুনার মাধ্যমই ইংরেজি।

বিখ্যাত সিসকো কোম্পানির সফ্টওয়্যার প্রকৌশলী জে সুরিয়ের ২০০২ সালে ভান্নিটেক গড়ে তোলেন। সুরিয়ে নিজেও শ্রীলঙ্কান। সংখ্যালঘু তামিল সম্প্রদায় ও সংখ্যাগুরু বৌদ্ধ সিংহলিজদের সাথে সংঘর্ষের কারণে ১৯৮২ সালে তিনি দেশত্যাগ করতে বাধ্য হন। ৬০ হাজার প্রাণের বিনিময়ে ২০০২ সালে সম্প্রদায় দু’টি অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি স্বাক্ষরের পরই দেশ গঠনের ব্যাপারে সুরিয়ের আগ্রহী হয়ে ওঠেন।

দেশ গঠনের জন্যে সুরিয়ের তামিল প্রবাসীদের সংগঠন ইন্টারন্যাশনাল তামিল টেকনিক্যাল প্রফেশনাল সংঠনের শরনাপন্ন হন। তাদের সহায়তায় মাত্র ছয় মাসের মধ্যেই তিনি ইনস্টিটিউটটি গড়ে তোলেন। এছাড়া সংগঠনের সদস্যরা সেখানে সেবা দিয়ে সহায়তা করেন।

ভান্নিটেকের চেয়ারম্যান ও আইবিএম গবেষক রত্মম সুরিয়াকুমারন জানান, যুদ্ধের কারণে অনেক শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। আর তাই প্রযুক্তি শিক্ষা নেয়ার প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে এটাকে ভালোই বলা যায়। মাসে ৫০০ ডলারের বিনিময়ে প্রতিষ্ঠানের জায়গাটি লিজ পাওয়া গেছে বলে তিনি জানান।

২০০৩ সালের জুনে প্রতিষ্ঠার পর থেকেই সরকার ও তামিল বিদ্রোহী- উভয় পক্ষের কাছ থেকে প্রতিষ্ঠানটি সহযোগিতা পেয়ে আসছে। সিয়াটলের মাইক্রোসফ্ট গবেষকদের সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ইনস্টিটিউটের জন্যে একবছরের সিলেবাস প্রণয়ন করা হয়।